কলকাতা: টলিউড অভিনেতা তথা তৃণমূল নেতা সোহম চক্রবর্তী যে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হবেন, তা বোধহয় আন্দাজও করতে পারেননি। দীর্ঘদিনের এক পুরনো ছবির অগ্রিম টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে এবার খোদ প্রযোজকের কাছ থেকেই ফোনে অকথ্য গালিগালাজসহ সশরীরে প্রাণনাশের হুমকি পেলেন অভিনেতা। ফোনে হুমকি দেওয়ার পাশাপাশি ওই প্রযোজক একটি নির্দিষ্ট রাজনৈতিক স্লোগানও দিয়েছেন বলে অভিযোগ। রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমিধ্যেই বিনোদন ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শেষমেশ বাধ্য হয়েই এই পুরো বিষয়টি সংবাদমাধ্যমের কাছে প্রকাশ্যে এনে এবার আইনি পদক্ষেপ করতে চলেছেন সোহম।
ঘটনার সূত্রপাত ২০১৮ সালে, যখন মহুয়া চক্রবর্তীর পরিচালনায় এবং প্রযোজক তরুণ দাসের একটি বাংলা ছবিতে অভিনয় করার কথা ছিল সোহমের। ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য নিয়মমাফিক ১৫ লক্ষ টাকা অগ্রিম বা সাইনিং অ্যামাউন্টও দেওয়া হয়েছিল অভিনেতাকে। সোহমের দাবি, পরে হঠাৎই পরিচালক মহুয়া চক্রবর্তী জানান যে প্রযোজকের ব্যবহারে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন না এবং এই কারণ দেখিয়ে পরিচালক ছবি থেকে সরে যান।
সোহম ছবিটির জন্য প্রথম থেকেই প্রস্তুত থাকলেও দীর্ঘ ৮ বছর ধরে ওই প্রজেক্টের আর কোনো অগ্রগতি হয়নি। লক্ষ্যণীয় বিষয় হলো, রাজ্যে সরকার বদলাতেই হঠাৎ কয়েকদিন আগে প্রযোজক তরুণ দাসের তরফ থেকে সোহমকে ফোন করে ওই অগ্রিম ১৫ লক্ষ টাকা ফেরত চাওয়া হয়। কিন্তু সোহম স্পষ্ট জানিয়ে দেন, টলিউড ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী কোনো ছবির কাজ যদি প্রযোজকের কারণে আটকে যায় বা বন্ধ হয়, তবে সেই অগ্রিম টাকা আর ফেরতযোগ্য হয় না। অন্যদিকে প্রযোজকের পাল্টা অভিযোগ, সোহমের কাছে বারবার ডেট চেয়েও না পাওয়ার কারণেই নাকি ছবিটা তৈরি করা যায়নি। যদিও প্রযোজকের এই দাবি ফুৎকারে উড়িয়ে অভিনেতা জানিয়েছেন, সেই সময়ে তিনি এতটা ব্যস্ত ছিলেন না যে ছবির জন্য সময় দিতে পারতেন না।
টাকা ফেরত নিয়ে এই বাকবিতণ্ডা অবশ্য ফোনেই থমকে থাকেনি। সোহমের অভিযোগ, সম্প্রতি প্রযোজক তরুণ দাস সরাসরি তাঁর অফিসে চড়াও হয়ে টাকা ফেরত চান এবং সেখানেও অভিনেতা ইন্ডাস্ট্রির নিয়ম মেনে টাকা দিতে অস্বীকার করেন। এর পরেই মঙ্গলবার রাতে সোহমকে ফোন করে চরম অসংযত ভাষায় গালিগালাজ শুরু করেন ওই প্রযোজক। সোহমের দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের দোহাই দিয়ে প্রযোজক তাঁকে হুমকি দিয়ে বলেন, “তির-ধনুক চলবে, খেলা হবে।” ফোনে এই মারাত্মক প্রাণনাশের হুমকি ও রাজনৈতিক মন্তব্য করার পরেই আর বসে থাকতে রাজি নন টলিউডের এই অভিনেতা-নেতা। নিজের নিরাপত্তা ও হেনস্থার সুবিচার পেতে এবার ওই অভিযুক্ত প্রযোজকের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের পথে হাঁটছেন সোহম চক্রবর্তী।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন