কলকাতা: আগামী রবিবার সর্বভারতীয় ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা। আর এই গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনে পরীক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও মসৃণ ও স্বস্তিদায়ক করতে এক বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী ২৪ মে, রবিবার নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই শহর কলকাতায় ট্রেন চালানো হবে। শুক্রবার বিকেলে কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিশেষ পরিষেবার কথা ঘোষণা করা হয়েছে।
সাধারণত প্রতি রবিবার কলকাতা মেট্রোর চাকা ঘোরে সকাল ৯টা থেকে। তবে আগামী ২৪ মে পরীক্ষার্থীদের সুবিধার্থে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা আগে, অর্থাৎ সকাল ৭টা থেকেই ব্লু লাইন (উত্তর-দক্ষিণ) এবং গ্রিন লাইন (পূর্ব-পশ্চিম) করিডোরে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে।
মেট্রো কর্তৃপক্ষের জারি করা নতুন সময়সূচিটি নিচে বিস্তারিত দেওয়া হলো:
১. ব্লু লাইন (দক্ষিণেশ্বর - কবি সুভাষ):
প্রথম মেট্রো: সকাল ৭টায় একযোগে ডাউন লাইনে দক্ষিণেশ্বর ও দমদম থেকে এবং আপ লাইনে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) ও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে।
পরিষেবার ব্যবধান: সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত প্রতি আধঘণ্টা (৩০ মিনিট) অন্তর মেট্রো পাওয়া যাবে। সকাল ৯টার পর থেকে অন্যান্য রবিবারের মতোই স্বাভাবিক সময়সূচি মেনে ট্রেন চলবে।
মোট ট্রেনের সংখ্যা: অন্যান্য রবিবারে এই লাইনে আপ-ডাউন মিলিয়ে যেখানে ১৫২টি ট্রেন চলে, সেখানে আগামী রবিবার পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় ১৬০টি ট্রেন চালানো হবে।
২. গ্রিন লাইন (হাওড়া ময়দান - সল্টলেক সেক্টর ফাইভ):
প্রথম মেট্রো: এই লাইনেও সকাল ৭টা থেকেই পরিষেবা শুরু হবে। হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর ফাইভ— দুই প্রান্তিক স্টেশন থেকেই সকাল ৭টায় প্রথম ট্রেন রওনা দেবে।
পরিষেবার ব্যবধান: এখানেও সকাল ৯টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট অন্তর ট্রেন মিলবে।
মোট ট্রেনের সংখ্যা: সাধারণত রবিবারে গ্রিন লাইনে ১০৮টি ট্রেন চলাচল করলেও, এই বিশেষ রবিবারে তা বাড়িয়ে ১১৬টি করা হয়েছে।
মেট্রো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে জয়হিন্দ (বিমানবন্দর) রুটে রবিবারের সময়সূচিতে কোনও বদল আনা হচ্ছে না। সেখানে সকাল ৯টা থেকেই যথারীতি ট্রেন চলবে। অন্য দিকে, পার্পল লাইন (জোকো-মাঝেরহাট) এবং অরেঞ্জ লাইনে (কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায়) অন্যান্য রবিবারের মতোই কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। এছাড়া, রাতের শেষ মেট্রো ছাড়ার সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি; তা স্বাভাবিক রবিবারের নিয়ম মেনেই চলবে। পরীক্ষার দিনে বাড়তি এই ট্রেনের জেরে পরীক্ষার্থীরা সঠিক সময়ে নিজেদের কেন্দ্রে পৌঁছাতে পারবেন বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।
বিষয় : KolkataMetro upsc metrotiming

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন