কলকাতা: রাজ্যে ক্ষমতা বদলের পর এবার সরকারি দফতরগুলিতে ‘ছুটি সংস্কৃতি’র রাশ টানতে বড় পদক্ষেপ করল নতুন বিজেপি সরকার। পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে ঘোষিত চলতি বছরের বকরি ইদের দু'দিনের সরকারি ছুটি বাতিল করে দেওয়া হল। শনিবার রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্রের জারি করা এক নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বকরি ইদ উপলক্ষে আগামী ২৬ ও ২৭ মে রাজ্যে যে ছুটি ঘোষণা করা হয়েছিল, তা সম্পূর্ণ খারিজ করা হচ্ছে। তার বদলে কেন্দ্রের সঙ্গে সাযুজ্য রেখে আগামী ২৮ মে বকরি ইদের একদিনের ছুটি থাকবে। ২৬ ও ২৭ মে রাজ্যের সমস্ত সরকারি দফতরে স্বাভাবিক কাজকর্ম চলবে।
নবান্ন সূত্রে খবর, রাজনৈতিক পালাবদলের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা ছিল — সরকারি দফতরগুলিতে হারিয়ে যাওয়া কর্মসংস্কৃতি যেকোনও মূল্যে ফিরিয়ে আনতে হবে। জনগণকে সঠিক ও দ্রুত পরিষেবা দিতে ফাঁকিবাজি বরদাস্ত করা হবে না। সেই লক্ষ্যেই বছরের শুরুতে পূর্বতন তৃণমূল সরকারের দেওয়া ছুটির তালিকায় এই প্রথম কাটছাঁট করল নতুন প্রশাসন। এবার বকরি ইদের ছুটি দুই থেকে কমিয়ে একদিন করার মাধ্যমে আদতে কাজকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার স্পষ্ট বার্তা দিল বর্তমান সরকার।
সরকারি দফতরগুলিতে কর্মীদের হাজিরার ক্ষেত্রে ইতিমধ্যেই একগুচ্ছ কড়া নিয়ম জারি করেছে নতুন সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে সমস্ত কর্মীকে অফিসে হাজিরা দিতে হবে। এবং বিকেল ৫টা ১৫ মিনিটের আগে কোনওভাবেই অফিস থেকে বেরোনো যাবে না। অর্থাৎ, ঘড়ি ধরে প্রতিদিন ৭ ঘণ্টা কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে। এই কড়া নিয়মের পর এবার ছুটির সংখ্যা কমানোর সিদ্ধান্তে নবান্নের কর্মচারী মহলে জোর চর্চা শুরু হয়েছে।
বকরি ইদের ছুটি বাতিলের এই নজিরবিহীন সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীদের একাংশের মনে বড়সড় প্রশ্ন ও আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। বিগত বছরগুলিতে দুর্গাপুজোর সময় টানা ১০ থেকে ১২ দিন দীর্ঘ ছুটি উপভোগ করতেন রাজ্যের সরকারি কর্মীরা। বকরি ইদের হাত ধরে যেভাবে ছুটির তালিকায় কোপ পড়া শুরু হল, তাতে আগামী দিনে দুর্গাপুজোর দীর্ঘকালীন ছুটিতেও কি কাটছাঁট করতে চলেছে শুভেন্দু সরকার? এখন এটাই দেখার।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন