ঝড়খালি: পারদ চড়ছে হু হু করে, জ্যৈষ্ঠের তীব্র দাবদাহ আর তাপপ্রবাহে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গবাসীর। বৃষ্টির দেখা নেই, চারদিক যেন এক একটা অগ্নিকুণ্ড। কিন্তু এই চরম আবহাওয়ায় শুধু মানুষ নয়, নাজেহাল দশা বনের পশুদেরও। বিশেষ করে সুন্দরবনের জঙ্গল ছেড়ে খাঁচায় বন্দি থাকা রয়্যাল বেঙ্গল টাইগারদের সুস্থ রাখতে এবার এক নজিরবিহীন ও রাজকীয় ব্যবস্থা নিল জেলা বনদপ্তর।
সুন্দরবনের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে থাকা বাঘেদের গরমের হাত থেকে বাঁচাতে খাঁচার ভেতর দিনরাত চলছে পেল্লাই সাইজের স্ট্যান্ড ফ্যান, বদল এসেছে রোজকার মেনুতেও। বাঘেরা যাতে কোনওভাবেই এই দাবদাহে অসুস্থ না হয়ে পড়ে, তার জন্য পশু চিকিৎসকদের পরামর্শ মেনে যুদ্ধকালীন তৎপরতায় একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে বর্তমানে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। কিন্তু গত কয়েক মাসের ব্যবধানে সেখানে দু’টি বাঘের মৃত্যু হওয়ায় এবার আর কোনও ঝুঁকি নিতে রাজি নন বনকর্তারা। বাঘেদের শরীর ঠান্ডা রাখতে দিনে দু’বেলা পাইপের মাধ্যমে জল স্প্রে করে একেবারে গা ভিজিয়ে স্নান করানো হচ্ছে। শুধু তাই নয়, তীব্র গরমে জলশূন্যতা বা ডিহাইড্রেশন রুখতে খাঁচার ভেতরের বড় বড় পাত্রে রাখা হচ্ছে ঠান্ডা পানীয় জল। আর সেই জলের সঙ্গে নিয়মিত মিশিয়ে দেওয়া হচ্ছে ওআরএস (ORS) পাউডার এবং ভিটামিন সি ট্যাবলেট। বাঘেদের ইনক্লোজারের ভেতর কৃত্রিম বাথ টাব তৈরির পাশাপাশি প্রকৃতিগতভাবে তৈরি পুকুর তো রয়েছেই, যেখানে মনের সুখে জলকেলি করে শরীর জুড়িয়ে নিচ্ছে বনের রাজারা।
অতিরিক্ত গরমের কারণে বাঘেদের ভারী খাবার হজম করতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য তাদের খাদ্যাভ্যাসেও আনা হয়েছে ব্যাপক রদবদল। শরীরের একদম নিখুঁত ওজন বিবেচনা করে পশু চিকিৎসকদের চার্ট অনুযায়ী হালকা অথচ পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে তাদের। এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার বন বিভাগের ডিএফও নিশা গোস্বামী জানিয়েছেন, বাঘেদের জন্য অতিরিক্ত জলের পাশাপাশি খাঁচার সামনে বিশাল আকারের ফ্যানের বন্দোবস্ত করা হয়েছে।
ইনক্লোজারের যে অংশগুলিতে কড়া রোদ পড়ে, সেখানে কৃত্রিম উপায়ে বড় বড় শেড বা ছায়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে বাঘেরা অনায়াসে রোদের তাপ এড়িয়ে বিশ্রাম নিতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী গরম আরও কয়েকদিন চড়া থাকবে, তাই বাঘেদের সুরক্ষায় এই স্পেশাল কেয়ার ২৪ ঘণ্টাই জারি থাকবে বলে জানিয়েছে বনদপ্তর।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন