নয়াদিল্লি: দীর্ঘ পাঁচ দশক ধরে তিনি একাই টেনে নিয়ে চলেছেন বাংলা বাণিজ্যিক সিনেমার রথ। একের পর এক প্রজন্ম বদলেছে, পাল্টেছে টলিউডের ভাষা, টেকনোলজি এবং দর্শকের রুচি—কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের সিংহাসন অটুট রেখে রয়ে গিয়েছেন ঠিক কেন্দ্রবিন্দুতেই। এবার সেই দীর্ঘ এবং অবিস্মরণীয় অভিনয় জীবনের যোগ্যতম স্বীকৃতি দিল দেশ। দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার সেরিমনি’-তে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ দেওয়া হচ্ছে। বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে যা নিঃসন্দেহে এবারের পদ্ম পুরস্কারের সবচেয়ে বড় এবং সবচেয়ে আনন্দদায়ক খবর। অনেকের মতেই, এই সম্মান শুধু একজন অভিনেতার প্রাপ্তি নয়, বরং গোটা বাংলা সিনেমার এক বিরাট জয়।
সোমবার, ২৫ মে রাষ্ট্রপতি ভবনের জমকালো ‘গণতন্ত্র মণ্ডপে’ দেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের হাতে পদ্ম সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই হাই-প্রোফাইল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক শীর্ষ স্তরের ভিভিআইপি ব্যক্তিত্ব। প্রথম পর্বের এই অনুষ্ঠানে প্রসেনজিৎ-সহ মোট ৬৬ জন কৃতিকে সম্মানিত করা হবে। পরবর্তীতে দ্বিতীয় দফার অনুষ্ঠানে বাকিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। উল্লেখ্য, এ বছর শিল্প, সাহিত্য, বিজ্ঞান, চিকিৎসা, ক্রীড়া ও সমাজসেবা-সহ নানা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মোট ১৩১টি পদ্ম সম্মানের ঘোষণা করেছে কেন্দ্র সরকার, যার মধ্যে রয়েছে ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী।
বিনোদন জগতের তালিকায় এবার বাংলার প্রতিনিধি হিসেবে সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন বুম্বাদা। ৩৫০-রও বেশি ছবিতে অভিনয় করা প্রসেনজিৎ একসময় যখন বাণিজ্যিক বাংলা ছবির একমাত্র মসিহা বা ভরসা ছিলেন, ঠিক তেমনই পরবর্তী সময়ে নিজেকে ভেঙে ‘অটোগ্রাফ’, ‘জাতিস্মর’, ‘মনের মানুষ’ কিংবা ‘গুমনামি’-র মতো অন্য ধারার ছবিতে অনন্য সব চরিত্রে নিজেকে বারবার প্রমাণ করেছেন। তবে প্রসেনজিৎ ছাড়াও বিনোদন দুনিয়ার আরও একাধিক মেগাস্টারকে এবার সম্মানিত করছে দেশ। মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ দেওয়া হচ্ছে হিন্দি সিনেমার ‘হিম্যান’ তথা বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে। পাশাপাশি, মালয়ালম সিনেমার সুপারস্টার মামুট্টি এবং ভারতের মেলোডি কুইন অলকা ইয়াগনিককে দেওয়া হচ্ছে ‘পদ্মভূষণ’ সম্মান।
পদ্মশ্রীর তালিকায় বিনোদন জগত থেকে আরও নাম রয়েছে অভিনেতা-পরিচালক আর মাধবনের, যিনি ‘রকেট্রি’ ছবির জন্য ইতিমধ্যেই জাতীয় পুরস্কার পেয়েছেন। এছাড়াও মরণোত্তর পদ্মশ্রী দেওয়া হচ্ছে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত জনপ্রিয় কমিক অভিনেতা সতীশ শাহকে। ছয় দশকের অভিনয় জীবনের জন্য পদ্মশ্রী পাচ্ছেন ‘অনুপমা’ ধারাবাহিকের বিখ্যাত “বাবুজি” তথা প্রবীণ অভিনেতা অরবিন্দ বৈদ্য এবং থিয়েটার ও চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা অনিল কুমার রাস্তোগী। তবে তারকাদের পাশাপাশি এবার দেশের বিভিন্ন প্রান্তের ৪৫ জন নেপথ্যের ‘আসল হিরো’ বা সমাজকর্মীকেও এই সম্মানে ভূষিত করা হচ্ছে। তবে ১৯৫৪ সাল থেকে শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ পুরস্কারের মঞ্চে আজ বাংলার দর্শকের নজর থাকবে কেবলই প্রসেনজিতের দিকে। কারণ টলিউডের এই মেগাস্টারের এত বছরের লড়াইয়ের পর এই সম্মান আরও অনেক আগেই তাঁর প্রাপ্য ছিল বলে মনে করছেন আপামর বাঙালি।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন