নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে এক ঐতিহাসিক জয় পেল নির্বাচন কমিশন। দেশজুড়ে চলা নির্বাচন কমিশনের এই বিশেষ প্রক্রিয়াকে সম্পূর্ণ বৈধ এবং সংবিধানসম্মত বলে সাফ জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার চূড়ান্ত রায়দান করতে গিয়ে স্পষ্ট করে দিয়েছে যে, এই ভোটার তালিকা যাচাইয়ের প্রক্রিয়ার মধ্যে কোথাও কোনও বেআইনি বা অসাংবিধানিক কিছু নেই। ফলে দেশজুড়ে যেভাবে এসআইআর-এর কাজ চলছিল, ঠিক সেভাবেই তা নিরবচ্ছিন্নভাবে চলবে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর স্বাভাবিকভাবেই জোর ধাক্কা খেল তৃণমূল-সহ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি।
পশ্চিমবঙ্গের ঠিক ভোটের মুখে তড়িঘড়ি এই এসআইআর পদ্ধতি শুরু হওয়া নিয়ে চরম রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধীদের অভিযোগ ছিল, নির্বাচন কমিশন সম্পূর্ণ বেআইনিভাবে এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাচ্ছে। এই পদ্ধতিকে ত্রুটিপূর্ণ দাবি করে অবিলম্বে এসআইআর-এর কাজে স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। কিন্তু আজ প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল পাঞ্চোলির বিশেষ বেঞ্চ বিরোধীদের সেই সমস্ত অভিযোগ যুক্তি সহকারে খারিজ করে দেয়। আদালত স্পষ্ট জানায়, সাধারণ বা প্রচলিত প্রক্রিয়া থেকে কিছুটা আলাদা বলেই শুধুমাত্র এই বিশেষ সংশোধন পদ্ধতিকে ‘বেআইনি’ বা ‘ভুল’ তকমা দেওয়া যায় না।
রায়দানের সময় তিন বিচারপতির বেঞ্চ অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ করে যে, নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার মাধ্যমে আইনে নির্ধারিত সাধারণ ভোটার তালিকা সংশোধনের পদ্ধতিকে কোনওভাবেই বাতিল বা বদলে দিচ্ছে না। আইন নিজেই কমিশনকে যে কোনও সময় ভোটার তালিকা পুনর্বিবেচনা করার এবং তা কীভাবে করা হবে, সেই স্বাধীনতা দিয়েছে। বিচারপতিরা আরও জানান, ভোটার তালিকায় নাম থাকা একজন নাগরিকের প্রাথমিক স্বীকৃতি হলেও, প্রয়োজনে আইন মেনে তা পুনরায় যাচাই করায় কোনও অন্যায় নেই। তবে এই যাচাই প্রক্রিয়ার সময় ন্যায্য ও স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করা সবচেয়ে জরুরি। ভোটারদের থেকে নির্দিষ্ট বৈধ নথি চাওয়া মোটেও বেআইনি নয় এবং সেই নথি নির্দিষ্ট করার পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। সুপ্রিম কোর্টের এই সবুজ সংকেতের পর দেশজুড়ে এসআইআর-এর পথ যেমন আরও মসৃণ হল, তেমনই ভোটার তালিকা নিয়ে বিরোধীদের আইনি লড়াইয়ের হাতিয়ারও ভোঁতা হয়ে গেল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন