কলকাতা: দীর্ঘ গরমের ছুটি শেষে আগামী ১ জুন থেকে ফের খুলছে রাজ্যের সমস্ত স্কুল। তবে, স্কুল খোলার আগেই পড়ুয়াদের জন্য সম্পূর্ণ সুস্থ, নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নজিরবিহীন তৎপরতা দেখাল পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষা দফতর। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে বাধ্যতামূলকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্যানিটাইজেশন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে রাজ্যের প্রতিটি জেলার সমস্ত স্কুলের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের কাছে জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে এবং আগামী ৩১ মে-র মধ্যে এই সমস্ত কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
এবছর তীব্র গরম এবং তাপপ্রবাহের চরম পরিস্থিতির কারণে রাজ্য সরকারের তরফে গরমের ছুটি অনেকটাই এগিয়ে আনা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে স্কুলশিক্ষা দফতর সেই ছুটির মেয়াদ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেয়। ১ জুন থেকে স্কুল চালু হওয়ার কথা মাথায় রেখেই এই আগাম প্রস্তুতি। শিক্ষা দফতরের স্পষ্ট বার্তা, দীর্ঘকাল বন্ধ থাকার কারণে স্কুল চত্বরে যাতে কোনওরকম অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
শিক্ষা দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, স্কুলের প্রতিটি শ্রেণিকক্ষ এবং সামগ্রিক স্কুল প্রাঙ্গণ খুব ভালো করে পরিষ্কার করতে হবে। বেঞ্চ, ডেস্ক, চেয়ার, টেবিল-সহ সমস্ত আসবাবপত্র ধুলোবালিমুক্ত করে সম্পূর্ণ ব্যবহারযোগ্য অবস্থায় ফিরিয়ে আনতে হবে। স্কুল চত্বরে কোনওরকম আগাছা বা জঙ্গল জমলে তা দ্রুত সাফ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, দীর্ঘদিন পাখা বা আলো বন্ধ থাকায় কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে স্কুলের বৈদ্যুতিক লাইন, আলো, পাখা এবং কম্পিউটার ল্যাবের সমস্ত সরঞ্জাম পরীক্ষা করে নেওয়ার কথা বলা হয়েছে।
পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পানীয় জলের সংযোগ এবং জল সরবরাহ ব্যবস্থার উপর বিশেষ জোর দিয়েছে বিকাশ ভবন। স্কুলে যাতে সম্পূর্ণ নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল পৌঁছয়, তা নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে পানীয় জলের উৎস, জলাধার এবং জল মজুত রাখার ট্যাঙ্কগুলি ভালো করে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, স্কুলের শৌচালয়গুলি সম্পূর্ণ জীবাণুমুক্ত করা এবং ড্রেনেজ বা জলনিকাশিব্যবস্থা খতিয়ে দেখার কথা বলা হয়েছে, যাতে বর্ষার আগে কোথাও জল জমে মশার উপদ্রব না ঘটে।
অন্যদিকে, মিড-ডে মিল পরিষেবার সুরক্ষাতেও একগুচ্ছ নিয়ম কার্যকর করার নির্দেশ এসেছে। রান্নার ঘর, রান্নার কাজে ব্যবহৃত সমস্ত বাসনপত্র এবং ডাইনিং হল পুরোপুরি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার এবং স্কুলের অগ্নিনির্বাপক ব্যবস্থা সচল আছে কিনা, তা পরীক্ষা করা বাধ্যতামূলক। দীর্ঘ ছুটিতে স্কুলে মজুত থাকা মিড-ডে মিলের খাদ্যশস্য বা চাল-ডাল ভালো রয়েছে কিনা, তাও খতিয়ে দেখতে বলা হয়েছে। শিক্ষা দফতর জানিয়েছে, পড়ুয়াদের স্বার্থে ও শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে এই নির্দেশিকা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন মনে করলে স্কুল কর্তৃপক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আরও অতিরিক্ত পদক্ষেপ করতে পারবে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন