কলকাতা: বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক বিপর্যয়ের পর এবার খোদ তিলোত্তমার বুকেই চরম ধাক্কা খেল ঘাসফুল শিবির। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের একনিষ্ঠ সৈনিক তথা মহানাগরিক ফিরহাদ হাকিম। সূত্রের খবর, শুক্রবার বিকেলেই পুর কমিশনার স্মিতা পাণ্ডের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিতে চলেছেন তিনি এবং এর পরেই সাংবাদিক বৈঠক করে নিজের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। গতকালই বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগের পর চব্বিশ ঘণ্টার মধ্যে কলকাতার মেয়রের এই নজিরবিহীন সিদ্ধান্ত কার্যত ‘ছোট লালবাড়ি’র ওপর থেকে তৃণমূলের নিয়ন্ত্রণ কেড়ে নিল। ঘনিষ্ঠমহলে ফিরহাদ স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে এভাবে আর কাজ চালিয়ে যাওয়া তাঁর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।
গত ২০১৮ সাল থেকে কলকাতার ৩৮ তম মেয়র হিসেবে দায়িত্ব সামলানো ফিরহাদ হাকিমকে বরাবরই তৃণমূলনেত্রীর অন্যতম ভরসার হাত বলে মনে করা হতো। দলের এই চরম ভরাডুবির বাজারেও নিজের চেতলা কেন্দ্র থেকে লড়ে জয় হাসিল করেছিলেন এই লড়াকু রাজনীতিক। কিন্তু সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর একটি বৈঠক এবং সেখানে নতুন মুখ্যমন্ত্রীকে ‘চা পানের আমন্ত্রণ’ জানানোকে কেন্দ্র করে তৈরি হয় আসল জটিলতা। সূত্রের খবর, শুভেন্দুর সঙ্গে ফিরহাদের এই সৌজন্য সাক্ষাৎ কোনোভাবেই ভালোভাবে নেননি ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, যার জেরে দলনেত্রীর সঙ্গে তাঁর দূরত্ব ও সংঘাত চরমে পৌঁছায়। শেষমেশ সেই ‘অভিমান’ আর রাজনৈতিক চাপ থেকেই মেয়র পদ ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন ফিরহাদ। তাঁর এই ইস্তফার জেরে কলকাতা পুরসভার রাশ আপাতত চলে যাচ্ছে পুর কমিশনার স্মিতা পাণ্ডের হাতে, তবে পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার এখানে প্রশাসক বসাতে পারে বলেও খবর। আগামী ডিসেম্বরে পুরভোট হওয়ার কথা থাকলেও, কলকাতার এই নজিরবিহীন টালমাটাল রাজনৈতিক আবহে নির্বাচন অনেকটাই এগিয়ে আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন