কলকাতা: বর্ষা দোরগোড়ায়। আর তার আগেই কলকাতার নিকাশী ব্যবস্থা সচল রাখতে কোমর বেঁধে নামল প্রশাসন। শহরের নিকাশী প্রস্তুতির বাস্তব চিত্র খতিয়ে দেখতে কলকাতার বেশ কিছু খাল পরিদর্শনে যান পুরনগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিদর্শন শেষেই কলকাতার আবর্জনা নিষ্কাশন ব্যবস্থাকে আরও জোরদার করতে পুরবাসীকে কড়া বার্তা দিলেন তিনি।
মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে যদি নিয়ম মেনে ভেজা ও শুকনো বর্জ্য আলাদা করা না হয়, তবে সংশ্লিষ্ট বাড়ি থেকে আবর্জনা নেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।
শহরের নাগরিকদের সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, "বিশ্বের এমন অনেক শহর আছে যেখানে আবর্জনাকে ছ'টি আলাদা ভাগে ভাগ করা হয়। আমরা কলকাতার মানুষকে মাত্র দু'টি ভাগে— ভেজা (পচনশীল) এবং শুকনো (অপচনশীল) বর্জ্য আলাদা করতে বলছি। এইটুকু সহযোগিতা শহরকে ভালো রাখার জন্য অত্যন্ত জরুরি।"
পুরসভা সূত্রে খবর, ২০২২ সালের ডিসেম্বরে তৎকালীন তৃণমূল পরিচালিত পুরবোর্ড কলকাতার ১৪৪টি ওয়ার্ডেই এই নিয়ম বাধ্যতামূলকভাবে চালু করেছিল। কিন্তু বিগত কয়েক মাসে সেই নিয়মে চরম শিথিলতা দেখা যায়। কার্যত মুখ থুবড়ে পড়েছিল গোটা প্রক্রিয়াটি।
নতুন সরকার এবার এই শিথিলতা কোনোভাবেই বরদাস্ত করতে রাজি নয়। আগামী এক সপ্তাহ নাগরিকদের সচেতন হওয়ার সময় দেওয়া হয়েছে। তারপর থেকেই শুরু হবে কড়া নজরদারি। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে পুরসভা কঠোর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিতে চলেছে বলে নবান্ন ও পুরসভা সূত্রে খবর।
এখন দেখার, মন্ত্রীর এই কড়া হুঁশিয়ারির পর তিলোত্তমার নাগরিকরা কতটা সচেতন হন এবং শহরের নিকাশী ব্যবস্থা বর্ষার ধকল কতটা সামলাতে পারে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন