যশোর জেলা রেজিস্ট্রি অফিসের পুরোনো ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নষ্ট হয়ে গেল প্রায় দুই শতাব্দীর অমূল্য সরকারি নথি। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ শহরের পোস্ট অফিস পাড়ায় অবস্থিত ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এই অগ্নিকাণ্ডে ১৭৪১ থেকে ১৯৪০ সাল পর্যন্ত যশোর ও সংলগ্ন এলাকার ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবই-সহ বহু গুরুত্বপূর্ণ দলিল পুড়ে যায়। কিছু নথি আগুন থেকে রক্ষা পেলেও আগুন নেভানোর সময় ব্যবহৃত পানিতে সেগুলি নষ্ট হয়ে গেছে বলে জানা গিয়েছে।
যশোরেরই শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার শামসুজ্জামান মিলন জানান, অতীতে তিনি যশোর জেলা রেজিস্ট্রি অফিসে কর্মরত ছিলেন। ওই রেকর্ড রুমে দীর্ঘদিন ধরে ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন নথি সংরক্ষিত ছিল। বিশেষ প্রয়োজন ছাড়া ভবনের দরজা সাধারণত খোলা হতো না। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন, পুরোনো কাগজপত্র সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শনের পর জানাতে পারবেন বলে তিনি জানান।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন যশোর দলিল লেখক সমিতির সভাপতি সোহরাব হোসেন। তিনি জানান, ঘটনার সময় ভবনের গেটে তালা দেওয়া ছিল। সেখানে হিরা নামে এক নৈশপ্রহরী থাকার কথা থাকলেও আগুন লাগার সময় তাঁকে পাওয়া যায়নি। বাইরে থেকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
রেজিস্ট্রি অফিসের একটি সূত্রের দাবি, ঘটনাটি রহস্যজনক। কারণ, ওই ভবনে কোনও বৈদ্যুতিক সংযোগ নেই। ফলে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। সূত্রটির মতে, পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। পাশাপাশি দায়িত্বে থাকা তিন নৈশপ্রহরীর আচরণও সন্দেহের মধ্যে রয়েছে। পুলিশি তদন্ত হলে প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
যশোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, আগুনের খবর পেয়ে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। ভবনের গেটে তালা থাকায় তা ভেঙে ভিতরে প্রবেশ করতে হয়। ভিতরের দুটি ঘরে আগুন জ্বলছিল। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি। বিদ্যুৎবিহীন ও তালাবদ্ধ ঘরে কীভাবে আগুন লাগল—এই বিষয়ে মন্তব্য করতে চাননি ফায়ার সার্ভিসের ওই আধিকারিক।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন