ঢাকা: বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বাংলাদেশে। তারই মধ্যে ঢাকার ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আশঙ্কার সুর শোনা গেল সে দেশের সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের কথায়। তাঁর দাবি, বিশ্বজুড়ে চলমান সংঘাত দ্রুত না থামলে আগামী দু’মাসের মধ্যেই ঢাকা শহরের বিপুল সংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে যেতে বাধ্য হতে পারেন।
শুক্রবার কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস সংলগ্ন ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। ওই সময় তিনি ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগরে একটি কর্মসূচিতে যাচ্ছিলেন।
নিজানের বক্তব্য, “বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব শুধু আন্তর্জাতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপরও তার গভীর প্রভাব পড়তে পারে।”
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার অবস্থার চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে। ফলে এখন থেকেই দেশবাসীকে সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দেন তিনি।
তবে তাঁর এই মন্তব্য ঘিরে বিভিন্ন মহলে শুরু হয়েছে জল্পনা। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব নিয়ে সতর্ক থাকা প্রয়োজন হলেও আতঙ্ক না ছড়িয়ে বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে প্রস্তুতি নেওয়াই বাঞ্ছনীয়।
বিষয় : BNP Bangladesh US Iran war

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন