চাকদহে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি! বন্দুক উঁচিয়ে স্থানীয়দের ভয় দেখানোর অভিযোগে এবার পুলিশের জালে এক ব্যবসায়ী। ধৃতের নাম সুকান্ত রায়, যার বাড়ি চাকদার বিষ্ণুপুরের ইটাপুকুর এলাকায়। পেশায় মিষ্টির ব্যবসায়ী সুকান্ত উত্তরপ্রদেশে নিজের দোকান সামলালেও সম্প্রতি ভোটের আগে বাড়ি ফিরেছিলেন।
অভিযোগ, গত কয়েকদিন ধরেই তিনি এলাকায় পিস্তল নিয়ে ঘুরছিলেন এবং সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছিলেন। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাড়িপুকুর এলাকায় অভিযান চালায় চাকদহ থানার পুলিশ। সেখান থেকেই একটি দেশি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ-সহ সুকান্তকে হাতেনাতে পাকড়াও করা হয়।
কেন এই অস্ত্র নিয়ে তিনি এলাকায় ঘোরাফেরা করছিলেন এবং উত্তরপ্রদেশ থেকে আসার সময় এই আগ্নেয়াস্ত্র কি তিনিই সঙ্গে করে এনেছিলেন— এখন সেটাই খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে বুধবার কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন তদন্তকারীরা। অভিযুক্তের এই আচরণের পিছনে কোনও বড়সড় রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্য ছিল কি না, তা জানার চেষ্টা চলছে। সাতসকালে আগ্নেয়াস্ত্র-সহ ব্যবসায়ীর গ্রেফতারির ঘটনায় বিষ্ণুপুর এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন