কলকাতা: প্রতিবারের মতো এবারও পুজোর শুরু থেকেই চর্চায় চোরবাগান সর্বজনীন। আলো-আঁধারির অভিনব মণ্ডপসজ্জা এবং প্রতিমা দর্শনের জন্য ভিড় জমিয়েছিলেন দর্শনার্থীরা। সমাজমাধ্যমে মণ্ডপের একাধিক রিল ভাইরাল হয়েছিল। সেই থেকেই ভিড় আরও বাড়ে। কিন্তু যে মণ্ডপ নিয়ে এত আলোচনা, মহাসপ্তমীর সন্ধ্যায় সেখানেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। উৎসবের আবহ পরিণত হল ‘উৎশবে’। ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে মণ্ডপের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা।
চোরবাগান সর্বজনীনের মণ্ডপ ও প্রতিমার শিল্পী সুশান্ত শিবানী পাল জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর মণ্ডপে দর্শনার্থীদের চাপ ক্রমশ বাড়ছিল। যদিও এই পরিস্থিতি নিয়ে তিনি ক্লাব কর্তাদের সঙ্গেও কথা বলেছিলেন। তাঁর বক্তব্য, পাশাপাশি দর্শনার্থীদের একাংশের অসচেতনতা এবং মণ্ডপের ভিতরে দাঁড়িয়ে রিল তৈরির প্রবণতা পরিস্থিতি আরও জটিল করে তুলেছিল।
এছাড়াও শিল্পীর দাবি, মণ্ডপের ভিতরে অনেকে বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকছিলেন। বারবার ঘোষণা করা সত্ত্বেও দর্শনার্থীরা দ্রুত বেরিয়ে আসছিলেন না। ফলে বাইরে অপেক্ষারত মানুষের ভিড় আরও বাড়ছিল। এর ফলে ঢোকা ও বেরনোর পথে ঠেলাঠেলি বাড়ছিল। পরিস্থিতি দেখে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করেছিলেন বলেও জানিয়েছেন তিনি।
মণ্ডপের আলো-আঁধারি পরিবেশ নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। আলো কম থাকার কারণে দুর্ঘটনা ঘটেছিল কি না, তা নিয়ে আলোচনা চলছে। শিল্পীর দাবি, বিপদের আশঙ্কা বুঝে মণ্ডপের অন্ধকার অংশে অতিরিক্ত আলোর ব্যবস্থা করা হয়েছিল। তবুও কেন পরিস্থিতি সামাল দেওয়া গেল না, সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।
বিষয় : Stampede Durga Puja 2026

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন