কলকাতা: প্রথম সপ্তমীর রাতে উত্তর কলকাতার চোরবাগানে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। এই বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। চোরবাগানকাণ্ডে স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কথা মতোই বুধবার মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলেন তিনি।
প্রথমে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে প্রিয়া সমাদ্দারের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন প্রিয়া। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। এদিন প্রিয়ার ছবিতে শ্রদ্ধা জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। চোরবাগানকাণ্ডে প্রাণ হারিয়েছেন বরানগরের বাসিন্দা দম্পতি দিলীপ ঘোষ ও দিপালী ঘোষও। বুধবার সেই পরিবারের সঙ্গেও দেখা করতে যান মুখ্যমন্ত্রী। চোখের জল মুছিয়ে দিয়ে পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। এছাড়াও দুই পরিবারের হাতেই রাজ্য সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, সকালে বাবুঘাটে গঙ্গার বিসর্জনের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে চোরবাগানকাণ্ড নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “২ মিনিটের ভুলে চোরবাগান হয়েছে। চোরবাগানের ঘটনা ক্ষমার অযোগ্য।” এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তদন্তের জন্য ফ্যাক্ট ফাইন্ডিং টিম তথ্য সংগ্রহ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনার নেপথ্যে ঠিক কী ছিল, তা খতিয়ে দেখার কথাও বলেছেন তিনি।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন