কলকাতাঃ ভাষণ নয়, কাজেই জোর। শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষাব্যবস্থা নিয়ে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষকদের বকেয়া মহার্ঘভাতা, স্কুলে শিক্ষাকর্মী নিয়োগ সহ একাধিক বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরলেন তিনি।
নিউ টাউনের কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের উদ্যোগে ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী জানান, শিক্ষাব্যবস্থার সংস্কারে সরকার দায়বদ্ধ। তাঁর দাবি, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হবে এবং আদালতের নির্দেশ মেনেই সমস্ত পদক্ষেপ করা হবে। সবচেয়ে বেশি নজর কেড়েছে শিক্ষকদের বকেয়া ডিএ নিয়ে তাঁর বক্তব্য। মুখ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, ‘আমাদের সরকারের নীতি খুব পরিষ্কার। মলহোত্র কমিটি যা সিদ্ধান্ত নেবে, আমরা মেনে নেব। আমরা হিসাব করেছি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা এবং অবসরপ্রাপ্ত শিক্ষাকর্মীদের বকেয়া ভাতা দিতে গেলে প্রায় ১২ হাজার কোটি টাকা লাগবে। আমরা হয়তো এক দিনে দিতে পারব না। তবে মলহোত্র কমিটি আমাদের নির্দেশ দিলে আমরাও সহযোগিতাও করব।’’ এরই মধ্যে রাজ্য সরকার পোষিত স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়েছে কলকাতা হাই কোর্ট। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ রয়েছে।
পাশাপাশি পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের আগাম বেতন দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। সেই বেতনের সঙ্গে ২০ শতাংশ ডিএ যুক্ত থাকবে। তবে এটি পুরনো বকেয়া ডিএ নয়, সেটিও স্পষ্ট করেছেন তিনি। শিক্ষক নিয়োগ নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগের সরকারের সময়ে অস্বচ্ছ নিয়োগের কারণে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এ বার সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করা হবে। কোনও বেআইনি নিয়োগ হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
বিষয় : CM Suvendu Adhikari Teacher's Day

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন