কলকাতা: আজ বিজয়া দশমী। উৎসবের রেশ কাটিয়ে এবার উমাকে বিদায় জানানোর পালা। ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে প্রতিমা বরণ শুরু হয়ে গিয়েছে। ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি। আর বিসর্জন ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য শহরজুড়ে নিরাপত্তা জোরদার করল লালবাজার। গঙ্গার ঘাট থেকে শুরু করে আদিগঙ্গায় থাকছে পুলিশের কড়া নজরদারি। পাশাপাশি শহরের প্রায় ২০০টি গুরুত্বপূর্ণ সংযোগস্থল ও এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।
কলকাতা পুলিশের তরফে খবর, শহরের ২৮টি গঙ্গার ঘাট, আদিগঙ্গার পাঁচটি ঘাট এবং ৩৪টি জলাশয় ও সরোবরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশকর্মীরা। খিদিরপুরের দহিঘাট, বাবুঘাট, আহিরীটোলা, কুমোরটুলি ও বাজাকদমতলা-সহ একাধিক ঘাটে বিশেষ নজর রাখা হচ্ছে। বাজাকদমতলা, নিমতলা এবং জাজেস ঘাটে উদ্ধারকাজের প্রস্তুতিও জোরদার করা হয়েছে। বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে কোমর বেঁধে নেমেছে কলকাতা পুরসভাও। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নজরদারি চালানো হবে। ঘাটে ঘাটে রাখা হচ্ছে ডাস্টবিন। দশমী থেকেই সাফাইকর্মীরা ঘাটগুলিতে মোতায়েন থাকবেন, যাতে বিসর্জনের পর দ্রুত পরিষ্কার করা যায়।
বিসর্জনের সময় দুর্ঘটনা এড়াতে থাকছে ২৫টি ‘লাইফ সেভিং’ নৌকা। এই নৌকাগুলিতে থাকবেন পুলিশকর্মী, দক্ষ মাঝি এবং উদ্ধারকর্মীরা। পাশাপাশি নিমতলা, বাজাকদমতলা, গোয়ালিয়র ঘাট ও গার্ডেনরিচে টহল দেবে চারটি যন্ত্রচালিত নৌকা। জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য নৌকাগুলিতে থাকছে দড়ি ও হুকের ব্যবস্থাও। এই চারটি ঘাটে মোতায়েন রয়েছেন সাঁতারে দক্ষ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের (ডিএমজি) কর্মীরা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেল থেকেই ঘাটগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
বিষয় : Durga Puja 2026 Kolkata Police

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন