কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বঙ্গে প্রথম পুজো। আজ মহাসপ্তমী। উৎসবের আবহে মেতে উঠেছে বাঙালি। ঢাকের বাদ্যি, আলোর রোশনাই আর প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল, সপ্তমীর সকাল থেকেই উৎসবের চেনা ছন্দে ফিরেছে তিলোত্তমা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ঠাকুর দেখার উন্মাদনা। নতুন পোশাকে সেজে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন মানুষ।
বাঙালির পুজো মানেই শুধু প্রতিমা দর্শন নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে আড্ডা আর জমিয়ে খাওয়াদাওয়া। সপ্তমীর সকাল থেকেই সেই ছবিই ধরা পড়ছে শহরের নানা প্রান্তে। বেলা গড়িয়ে সন্ধ্যা হতেই আরও ভিড় বেড়েছে। কোথাও মণ্ডপের শিল্পকলা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা, কোথাও আবার প্রতিমার সামনে ছবি তোলার পালা। শিশু থেকে প্রবীণ সকলের চোখেমুখে আনন্দ আর উচ্ছ্বাস স্পষ্ট। শহরের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তেও পুজোকে কেন্দ্র করে জমে উঠেছে মানুষের আনাগোনা।
উৎসবের এই আবহে বৃষ্টির কতটা প্রভাব ফেলবে, তা ঘিরেও মানুষের প্রশ্ন জেগেছিল। চতুর্থী ও পঞ্চমীতে কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি সপ্তমীতেও আকাশ মেঘলা। বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কলকাতার আকাশ মেঘলা থাকলেও ভারী বৃষ্টির ইঙ্গিত নেই। তবে পুজোর বাকি দিনগুলির আবহাওয়া কেমন সেই নিয়েও বঙ্গবাসীকে আশ্বস্ত করেছে হাওয়া অফিস। অষ্টমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও অষ্টমী থেকে কমবে বৃষ্টিপাতের পরিমাণ।
বিষয় : Durga Puja 2026

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন