নয়াদিল্লি: এক ছবিতেই লুকানো হাজারো শব্দের সমীকরণ, যা একলহমে তোলপাড় ফেলে দিয়েছে আন্তর্জাতিক কূটনীতিতে।
নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের অলিন্দ থেকে প্রকাশিত একটি বিশেষ ছবি এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। ফ্রেমে দেখা যাচ্ছে, হাসিমুখে মাঝখানে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তাঁর দুই পাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। দুই বিশ্বনেতার হাত শক্ত করে ধরে এক হালকা ও বন্ধুত্বপূর্ণ মুহূর্তে ধরা দিয়েছেন মোদী।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের জেরে যখন বিশ্ব রাজনীতি আড়াআড়ি বিভক্ত, ঠিক তখনই ভারতের মাটিতে দাঁড়িয়ে মোদী-পুতিন-জিনপিংয়ের এই ত্রিভূজ সমীকরণ বিশ্বমঞ্চে বিশেষ করে ওয়াশিংটনকে কী বার্তা দিল, তা নিয়ে শুরু হয়েছে তুমুল কূটনৈতিক চর্চা।
২০০৬ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চিনকে নিয়ে গঠিত ‘ব্রিকস’-এর চার প্রতিষ্ঠাতাই আজ বিশ্ব অর্থনীতির অন্যতম মূল নিয়ন্ত্রক। কিন্তু বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে এই ছবির গুরুত্ব বহুগুণ বেশি। পশ্চিমের দেশগুলির সাথে কৌশলগত সম্পর্ক বজায় রেখেই মস্কো ও বেইজিংয়ের সাথে ভারতের এই প্রকাশ্য ভারসাম্য রক্ষার নীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
শুক্রবারই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মোদী। ইউক্রেন সংকট সমাধানে কূটনীতি ও আলোচনার ওপর জোর দেওয়ার পাশাপাশি ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন তিনি। অন্যদিকে, দীর্ঘ সাত বছর পর ভারতের মাটিতে পা রাখা চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদীর দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত রয়েছে, যেখানে সীমান্ত সমস্যা থেকে শুরু করে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত জটিল বিষয়গুলি আলোচনায় উঠে আসতে পারে।
কূটনৈতিক মহলের নজর কেড়েছে আগের দিনের আরও একটি ফ্রেম, যেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হাত ধরে উষ্ণ অভ্যর্থনা জানাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। মধ্যপ্রাচ্যে অশান্তি ও জ্বালানি সুরক্ষার টানাফোড়েনের মধ্যে ইরানের সাথে ভারতের এই সমীকরণ এবং পরদিনই পুতিন-জিনপিংয়ের সাথে মোদীর ত্রিমুখী সংহতি প্রদর্শন স্পষ্ট বুঝিয়ে দিল, পশ্চিমের চাপ এড়িয়ে নিজস্ব স্বার্থে ‘গ্লোবাল সাউথ’ ও এশীয় অক্ষকে শক্তিশালী করার কৌশলগত পথেই হাঁটছে দিল্লি। নয়াদিল্লির এই শক্তিশালী ফ্রেমে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের কাছে কী বার্তা পৌঁছালো, তা নিয়ে এখন তোলপাড় আন্তর্জাতিক মহল।
হিডেন স্টোরিজ নিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন