Agnimitra Paul: বাজারে ঢুকলেই বদলে যাবে অভিজ্ঞতা! অগ্নিমিত্রার নতুন পরিকল্পনায় আসছে কী কী বদল?
কলকাতা: ভিড়, ঠেলাঠেলি, জমা জল আর চারপাশের নোংরা, বাজারে ঢুকলেই বেশিরভাগ এসবই চোখে পড়ে। এবার বাজারের সেই ছবিটাই বদলাতে চাইছে রাজ্য সরকার। বাজারগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন তো করা হবেই, পাশাপাশি ক্রেতাদের জন্য আরও স্বচ্ছন্দ ও সুন্দর করে তোলার পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।[TECHTARANGA-POST:13406]অগ্নিমিত্রা পাল বলেন, “বাজারগুলোকে সুন্দর করতে চাইছি। বাজার এখন বিভীষিকা। ভিড়ভাড়, ঠেলাঠেলি, জল পড়ে আছে, নোংরা। আমরা এমন বাজার তৈরি করব যেখানে ঢুকলেই আপনাদের দারুণ এক্সপিরিয়েন্স হবে।” তিনি আরও বলেন, ” প্রচুর টয়লেট হচ্ছে। বাজারে বাজারে ব্যাগের ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। প্লাস্টিকের বোতল দিয়ে দিলেই পেয়ে যাবেন একটি ব্যাগ, এমন মেশিন বসানো হচ্ছে। এর জন্য মানুষের সহযোগিতা চাই।” রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই শহরের পরিচ্ছন্নতা নিয়েও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় যত্রতত্র আবর্জনা ফেলা, প্রকাশ্যে থুতু ফেলা বা প্রস্রাব করার মতো ঘটনায় জরিমানার নিয়ম চালু হয়েছে। পুরমন্ত্রী জানিয়েছেন, প্রকাশ্যে থুতু ফেললে ১০০ টাকা এবং আবর্জনা ফেলা বা প্রকাশ্যে প্রস্রাব-সহ কয়েকটি ক্ষেত্রে ২০০ টাকা জরিমানার ব্যবস্থা রয়েছে। এছাড়া প্লাস্টিক ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিবেশবান্ধব ব্যাগের ব্যবস্থা করার কথা জানিয়েছে পুর দফতর। বিভিন্ন বাজারে ব্যাগের ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে, যাতে ক্রেতারা প্রয়োজন হলে সেখান থেকেই বিকল্প ব্যাগ কিনতে পারেন। অগ্নিমিত্রা আগেই জানিয়েছিলেন, এমন মেশিনে কম দামে পরিবেশবান্ধব ব্যাগ পাওয়া যাবে।[TECHTARANGA-POST:13401]শুধু পরিকল্পনাতে থেমে থাকতে চাইছেন না বলেও জানিয়েছেন অগ্নিমিত্রা। শহরের বিভিন্ন বাজারে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা এবং পরিচ্ছন্নতা ও পার্কিংয়ের নিয়ম মেনে চলার বিষয়ে নজরদারি চালাচ্ছেন তিনি। গড়িয়াহাট-সহ একাধিক বাজারে পরিদর্শনও চালিয়েছেন তিনি। এসব নিয়ে সমালোচনার মুখেও পড়তে হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, শহরের চেহারা বদলাতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাজার পরিষ্কার রাখা, নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলা এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর মতো বিষয়ে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।