কলকাতাঃ ফুটপাথে নাতির জন্য দুধ গরম করছিলেন এক মহিলা। সেই দৃশ্য দেখে রীতিমতো উঁচু গলায় তাকে ধমক দেন অগ্নিমিত্রা পাল। আর সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। কীভাবে একজন মন্ত্রী দুধের শিশুর মুখের গ্রাস কেড়ে নিতে পারেন, সে প্রশ্ন তোলেন অনেকে। পার্ক স্ট্রিটের সেই ঘটনার প্রসঙ্গ তুলে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে এবার সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দরিদ্র বৃদ্ধার পরিস্থিতির কথা তুলে ধরে মমতার কটাক্ষ, “মায়ের অভিশাপ, বড় অভিশাপ।” একইসঙ্গে ওই পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথাও জানালেন তিনি।
বেশ কয়েকদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ঘটনাটি। অগ্নিমিত্রা পালের সেই মুহূর্তের একটি ভিডিয়ো সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক তর্জা। অনেকেই প্রশ্ন তোলেন, ফুটপাথে থাকা এক অসহায় বৃদ্ধার সঙ্গে কেন এমন ব্যবহার করা হল? ওই মহিলার বক্তব্য, দীর্ঘদিন ধরেই পার্ক স্ট্রিটের ফুটপাথ তাঁর ঠিকানা। তাঁর কথায়, “বাড়ি থাকলে কী আর কেউ ইচ্ছে করে রাস্তায় থাকে!” বিতর্কের মধ্যেই সোমবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন অগ্নিমিত্রা। ভিডিয়ো বার্তায় তিনি জানান, কোনও শিশুর মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি। তাঁর বক্তব্য, ফুটপাথ ব্যস্ত রাস্তার অংশ হওয়ায় সেখানে শিশুকে রেখে দুধ গরম করা বিপজ্জনক হতে পারে। তবে একইসঙ্গে তিনি স্বীকার করেন, বিষয়টি তাঁকে আরও ভালোভাবে বুঝিয়ে বলা উচিত ছিল।
এরপর সোমবার ফেসবুক লাইভে বিষয়টি নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। দরিদ্র পরিবারটির পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, “একটা ছোট্ট দুধের শিশুর খাবার তৈরি করছিল, দরিদ্রকে ঘৃণা করবেন না দয়া করে।” এরপরই অগ্নিমিত্রাকে নিশানা করে মমতার মন্তব্য, “দুধটা ফেলে দিতে খারাপ লাগল না? মনে রাখবেন মায়ের অভিশাপ, বড় অভিশাপ।” শুধু সমালোচনাতেই থেমে থাকেননি মমতা। ওই পরিবারকে সাহায্যের প্রস্তাবও দেন তিনি। মমতা জানান, পরিবার রাজি থাকলে কোনও দলীয় কর্মীর বাড়িতে তাঁদের থাকার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি শিশুটির পড়াশোনার দায়িত্ব নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
বিষয় : Mamata Banerjee Agnimitra Paul

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন