কলকাতাঃ বর্ষার মরসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। এবার সেই বাড়বাড়ন্ত রুখতে শহরজুড়ে আরও জোরদার অভিযান। কলকাতা পুরসভা এবং মেট্রো রেলের যৌথ উদ্যোগে শুরু হল ‘স্পেশাল ড্রাইভ’। এই অভিযান এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে শুরু হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত শহরের বিভিন্ন মেট্রো স্টেশন, রেল এলাকা এবং সংলগ্ন অঞ্চলে চলবে মশার আঁতুড়ঘর খোঁজা ও সাফাই অভিযান।[TECHTARANGA-POST:12100]উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, শুধু প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু নির্মূল সম্ভব নয়। সাধারণ মানুষকেও সচেতন হয়ে বাড়ি ও আশপাশে জল জমতে না দেওয়ার দায়িত্ব নিতে হবে। পুরসভা সূত্রে খবর, শহরের সমস্ত মেট্রো স্টেশন এবং তার আশপাশের এলাকায় বিশেষ নজরদারি চালানো হবে। শুধু জল জমা নয়, শহর পরিষ্কার রাখার ক্ষেত্রেও কড়া হচ্ছে পুরসভা। নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার কিংবা যত্রতত্র আবর্জনা ফেললে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। রাস্তায় থুতু বা নোংরা ফেললেও জরিমানা ছাড়াও অভিযুক্তকে দিয়ে সংশ্লিষ্ট জায়গা পরিষ্কার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কাজ ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার কথাও জানানো হয়েছে।[TECHTARANGA-POST:12099]পুরসভার তরফে জানানো হয়েছে, এই অভিযান শুধুমাত্র কয়েক দিনের জন্য নয়। আগামী দিনেও ধারাবাহিক ভাবে এই ধরনের অভিযান চালানো হবে। কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য এলাকাতেও সেচ দফতর, পূর্ত দফতর-সহ বিভিন্ন সরকারি বিভাগের সঙ্গে সমন্বয় করে ডেঙ্গু প্রতিরোধে যৌথ অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।