Hidden Stories (বাংলা)

Bengal BJP:এসআইআর নিয়ে বিরোধীদের মেগা 'চাল'! সত্য সামনে আনতে বাংলাজুড়ে মাস্টারপ্ল্যান বিজেপির?

কলকাতা: এসআইআর (SIR) নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে ব্যাপক 'অপপ্রচার' চালাচ্ছে বিরোধী দলগুলি! আর বিরোধীদের এই রাজনৈতিক ঘুঁটি চাল ভেস্তে দিতে এবার সশরীরে ময়দানে নামছে বঙ্গ বিজেপি। সাধারণ মানুষকে ঘটনার প্রকৃত 'সত্যি' জানাতে এবং বিভ্রান্তি দূর করতে রাজ্যজুড়ে এক বিশাল প্রচার ও আন্দোলন কর্মসূচি গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির রাজ্য নেতাদের। কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, হাত গুটিয়ে বসে না থেকে বিরোধীদের মিথ্যাচারের যোগ্য জবাব দিতে হবে রাজপথেই।সম্প্রতি নতুন রাজ্য কমিটি ঘোষণার পাশাপাশি যুব ও মহিলা মোর্চা-সহ একাধিক মোর্চার নতুন সভাপতিদের নাম ঘোষণা করেছে পদ্ম শিবির। আর এই নতুন নেতৃত্বের ওপরই বর্তেছে এসআইআর-এর পক্ষে জনমত গড়ে তোলার গুরু দায়িত্ব। সূত্রের খবর, ইতিমধ্যেই সবকটি মোর্চা সভাপতির কাছে এই সংক্রান্ত কড়া নির্দেশিকা পৌঁছে গিয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি মোর্চা যেন নিজেদের মতো করে এসআইআরের সমর্থনে ও বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে রাজ্যজুড়ে একাধিক জনসংযোগ কর্মসূচি ও আন্দোলন সংগঠিত করে। তবে বিশৃঙ্খলা এড়াতে এবং কর্মসূচির স্বচ্ছতা বজায় রাখতে যে কোনও আন্দোলনের রূপরেখা ও সূচি চূড়ান্ত করার আগে তা রাজ্য নেতৃত্বকে জানাতে হবে।এদিকে, সাংগঠনিক জোর বাড়াতে সম্প্রতি রাজ্যের সাতটি সাংগঠনিক জেলাতেও সভাপতির পদে বড় রদবদল করেছে ভারতীয় জনতা পার্টি। মোর্চা ও জেলাগুলির পূর্ণাঙ্গ কমিটি তৈরির কাজও এখন শেষ পর্যায়ে। তবে এই পুরো রদবদলের মধ্যে সবচেয়ে নজরকাড়া বিষয় হলো নতুন প্রজন্মের নেতাদের প্রাধান্য প্রদান। দিল্লি নেতৃত্ব থেকে প্রাপ্ত নির্দেশিকা অনুযায়ী, তরুণ ও নতুন মুখের ওপরই বেশি আস্থা রাখছে গেরুয়া শিবির। সম্প্রতি দেশজুড়ে তরুণ সমাজ যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদে গর্জে উঠেছিল, তা থেকে পাঠ নিয়েই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, তরুণ প্রজন্মকে নিজেদের কাছে টানতে না পারলে ভবিষ্যৎ পথ চলা কঠিন হবে।এসআইআর নিয়ে বিজেপির এই মেগা প্রচার অভিযান কবে থেকে পুরোদমে শুরু হচ্ছে, তার চূড়ান্ত দিনক্ষণ এখনও ঘোষণা করা না হলেও নীলবাড়ির লড়ায়ের আগে এই প্রচার কর্মসূচি বঙ্গ রাজনীতিতে যথেষ্ট উত্তাপ বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এখন দেখার, রাজ্যজুড়ে এই প্রচারের মাধ্যমে বিজেপির তরুণ ব্রিগেড বিরোধীদের রাজনৈতিক যুক্তি খণ্ডন করে আমজনতার মন জয় করতে কতটা সফল হয়।[TECHTARANGA-POST:13217]

Bengal BJP:এসআইআর নিয়ে বিরোধীদের মেগা 'চাল'! সত্য সামনে আনতে বাংলাজুড়ে মাস্টারপ্ল্যান বিজেপির?