গ্যাস নেই, মোবাইলে আসছে ওটিপি! আসানসোলে খালি সিলিন্ডার নিয়ে জিটি রোড অবরোধ গ্রাহকদের
আসানসোল: রান্নার গ্যাসের হাহাকারে রণক্ষেত্র আসানসোলের জিটি রোড। দীর্ঘ প্রতীক্ষার পরও মিলছে না রান্নার গ্যাস, অথচ মোবাইলে চলে আসছে ডেলিভারি কনফার্মেশন মেসেজ এবং ওটিপি (OTP)। এই রহস্যজনক ‘ডিজিটাল ডেলিভারি’ আর বাস্তবের শূন্য সিলিন্ডারের প্রতিবাদে বুধবার দুপুরে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত এলআইসি (LIC) অফিসের সামনে জিটি রোড অবরোধ করলেন কয়েকশ গ্রাহক।[TECHTARANGA-POST:7573]বিক্ষোভকারীদের অভিযোগ, এক মাস আগে বুকিং করা সত্ত্বেও বাড়িতে গ্যাস পৌঁছাচ্ছে না। উল্টে মোবাইলে মেসেজ আসছে যে গ্যাস ডেলিভারি হয়ে গিয়েছে। অভিযোগ জানানোর জন্য গ্যাস এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর মিলছে না। স্থানীয় পুলিশ আউটপোস্টে জানিয়েও কোনো কাজ না হওয়ায় শেষমেশ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তাঁরা।বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ক্ষুব্ধ গ্রাহকরা রাস্তার ওপর খালি সিলিন্ডার সাজিয়ে বিক্ষোভ শুরু করেন। এর ফলে আসানসোল-বরাকর রুটে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। ব্যস্ততম এই রাস্তায় কয়েক কিলোমিটার জুড়ে তৈরি হয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। গ্রাহকদের সাফ দাবি, অবিলম্বে গ্যাসের জোগান স্বাভাবিক করতে হবে এবং এই জালিয়াতির সমাধান করতে হবে। ইরান-আমেরিকা যুদ্ধের জেরে তৈরি হওয়া গ্যাস সংকটের মাঝে এই ধরণের প্রশাসনিক গাফিলতি সাধারণ মানুষের ক্ষোভকে আরও উসকে দিয়েছে।