Hidden Stories (বাংলা)

প্রয়াগরাজে বিস্ফোরণে! বায়ুসেনা ঘাঁটির কাছে কমপক্ষে মৃত ৮, ধ্বংসস্তূপে চলছে উদ্ধারকাজ

উত্তরপ্রদেশঃ আচমকাই বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। মুহূর্তের মধ্যে আগুন আর ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত আট জনের। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও। গুরুতর আহত আরও অন্তত ১৫ জন। [TECHTARANGA-POST:12160]সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার মহম্মদপুরে এই দুর্ঘটনা ঘটে। এলাকাটি প্রয়াগরাজ-কৌশাম্বী সীমান্তের কাছে। দুর্ঘটনাস্থল থেকে মানুরি বায়ুসেনা ঘাঁটির দূরত্ব মাত্র দু’কিলোমিটার। জানা গিয়েছে, বিস্ফোরণের সময় কারখানায় প্রায় ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের তীব্রতায় গোটা কারখানাটি ভস্মীভূত হয়ে যায়। পুলিশ জানিয়েছে, প্রায় ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সাতটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। উদ্ধারকাজে হাত লাগান পাশের বায়ুসেনা ঘাঁটির জওয়ানরাও। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে রয়েছেন কি না, তা খুঁজে দেখতে শুরু হয় তল্লাশি। [TECHTARANGA-POST:12157]এই ভয়াবহ দুর্ঘটনার মধ্যেও কোনওমতে প্রাণে বেঁচে গিয়েছেন এক কিশোরী। সংবাদমাধ্যমের সামনে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে সে বলে, ঘটনার সময় বাড়িতে তার মা ও ছোট ভাইও ছিলেন। বিস্ফোরণের পর একমাত্র সে-ই বাইরে বেরোতে পেরেছে, পরিবারের বাকিরা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন বলে জানিয়েছে ওই কিশোরী। কী কারণে বাজি কারখানায় এত বড় বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। কারখানাটিতে সরকারি অনুমোদন ছিল কি না, বাজি তৈরির জন্য প্রয়োজনীয় লাইসেন্স এবং অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 প্রয়াগরাজে বিস্ফোরণে! বায়ুসেনা ঘাঁটির কাছে কমপক্ষে মৃত ৮, ধ্বংসস্তূপে চলছে উদ্ধারকাজ