নয়া দিল্লি: একসময় যা ছিল আশঙ্কার কেন্দ্রবিন্দু, সেই বাংলায় এখন আর একজনও মাওবাদী নেই। গোটা পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি দেশের সমস্ত জেলাই এখন পুরোপুরি মাওবাদী-মুক্ত। সংসদ ভবনের রাজ্যসভায় ঐতিহাসিক এক রিপোর্ট পেশ করে এই বড় খবরের আনুষ্ঠানিক সিলমোহর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সম্প্রতি ঝাড়খণ্ডের ১ কোটি টাকার মাথার দাম থাকা শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা ওরফে সুনির্মল ধরা পড়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রকের এই পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ্যে আনা হলো। ২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত সংগৃহীত তথ্য পেশ করে কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাসহ দেশের একাধিক রাজ্যে মাওবাদী হামলার গ্রাফ এখন পুরোপুরি শূন্যে এসে ঠেকেছে।স্বরাষ্ট্রমন্ত্রকের পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে দেশের ১২৬টি জেলায় মাওবাদীদের সক্রিয় দাপট ছিল, যা ২০২৩ সালেও কয়েকশো প্রাণঘাতী হামলার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কঠোর প্রশাসনিক অবস্থান এবং একের পর এক সফল অভিযানের পর ২০২৬ সালের মার্চ মাসের পর থেকে দেশে মাওবাদী হামলার সংখ্যা একলাফে শূন্যে নেমে এসেছে। চলতি বছরের ২১ জুলাই পর্যন্ত পাওয়া রিপোর্ট পর্যালোচনা করে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা এবং কেরলে মাওবাদী হিংসার কোনো ঘটনা ঘটেনি। যদিও অতীত অভিজ্ঞতার কথা মাথায় রেখে সুরক্ষার স্বার্থে ৩৭টি জেলাকে এখনও বিশেষ নজরদারিতে রাখা হয়েছে, তবে লাল সন্ত্রাসের সেই কালো দিন পার করে বাংলা যে এখন সম্পূর্ণ মাওবাদী-মুক্ত তা স্পষ্ট করে দিল কেন্দ্র।হিডেন স্টোরিজ নিউজ