ভারতের নৌসেনার গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাকিস্তান পাচার করার অভিযোগে উত্তরপ্রদেশের আগরা থেকে এক নৌসেনা কর্মীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের সন্ত্রাসদমন শাখা (ATS)। ধৃতের নাম আদর্শ কুমার, যাঁর বাড়ি আগরার কাগারোলে। তিনি কেরলের কোচিতে নৌসেনার সাদার্ন কমান্ডের ঘাঁটিতে কর্মরত ছিলেন। অভিযোগ উঠেছে, মোটা টাকার বিনিময়ে তিনি ভারতীয় নৌবাহিনীর অত্যন্ত সংবেদনশীল এবং গোপন তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর হাতে তুলে দিচ্ছিলেন।[TECHTARANGA-POST:7191]গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার এটিএস অভিযান চালিয়ে আদর্শকে গ্রেফতার করে। তদন্তকারীদের দাবি, ধৃত নৌসেনা কর্মী তাঁর ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করে পাক হ্যান্ডলারদের কাছে গুরুত্বপূর্ণ নথি ও ছবি পাচার করতেন। নৌসেনার সাদার্ন কমান্ডের ঘাঁটিতে কর্মরত থাকা অবস্থাতেই তিনি এই দেশবিরোধী কর্মকাণ্ড চালাতেন বলে সন্দেহ করা হচ্ছে। ধৃতের মোবাইল ফোন থেকে ইতিমধ্যেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ও প্রমাণ উদ্ধার হয়েছে। তিনি ঠিক কী কী ধরনের তথ্য এবং ভারতীয় প্রতিরক্ষা সংক্রান্ত কতখানি গুরুত্বপূর্ণ নথি পাচার করেছেন, তা এখন গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাকিস্তানের ওই হ্যান্ডলারদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল বলেও এটিএস সূত্রে জানা গিয়েছে। দেশের নিরাপত্তার স্বার্থে এই গ্রেফতারি অত্যন্ত বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার