উত্তর ২৪ পরগনাঃ বনগাঁ সীমান্তে পাকচর রানা রউফের গ্রেফতারের পরই বাড়ানো হয়েছিল নজরদারি। তারই মধ্যে তল্লাশি চালিয়ে বাংলাদেশে অস্ত্র পাচারের ছক বানচাল করল পুলিশ। দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। ধৃত দুজনের নাম শহিদুল মণ্ডল এবং অনুপ খান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাংলাদেশে অস্ত্র পাচারের পরিকল্পনা ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল এবং দুটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। শহিদুলের বাড়ি বনগাঁ থানার বাজিতলা এলাকায়। অনুপ ফুলতলা কলম এলাকার বাসিন্দা। সূত্রের খবর, শহিদুল বাইরে থেকে অস্ত্র এনে গোপন জায়গায় মজুত করত। এরপর অনুপ বাংলাদেশ-সহ বিভিন্ন এলাকার দুষ্কৃতীদের কাছে সেই অস্ত্র বিক্রি করত বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, এর আগেও বাংলাদেশে অস্ত্র বিক্রির অভিযোগে পেট্রাপোল থানা, বনগাঁ থানা ও বিএসএফের হাতে পাঁচবার গ্রেফতার হয়েছিল অনুপ। তদন্তকারীদের আরও দাবি, পেট্রাপোল বন্দরে অনুপ ও তার বাবা তুষার খানের একটি দোকান রয়েছে। ব্যবসার আড়ালে সেখান থেকে নেশার দ্রব্য বিক্রি-সহ বিভিন্ন অসাধু কারবার চলত বলে অভিযোগ।
পুলিশের দাবি, অনুপ এবং এই চক্রের সঙ্গে যুক্তরা বাংলাদেশের দুষ্কৃতীদের সঙ্গে হোয়াটসঅ্যাপ-সহ বিভিন্ন সমাজমাধ্যমে যোগাযোগ রাখত। ডিল চূড়ান্ত হওয়ার পর সীমান্তের ওপার থেকে টাকা এপারে আসত। নিরাপত্তার নজর এড়িয়েই এই কারবার কীভাবে চলত, তার তদন্তে নেমেছে পুলিশ।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন