নবদ্বীপ: নদিয়ার নবদ্বীপে এক সিভিক ভলান্টিয়ারের আকস্মিক মৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে নিজের ঘর থেকেই শুভঙ্কর ঘোষ (৩৯) নামে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।[TECHTARANGA-POST:9090]শুভঙ্কর নবদ্বীপ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পলতা ঘাট রোডের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তাঁর মানসিক অবস্থা স্থিতিশীল ছিল না। আচরণের মধ্যেও বেশ কিছু অসঙ্গতি লক্ষ করেছিলেন পরিজনরা। বুধবার সকালে শুভঙ্করকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই অবস্থাতেই শুভঙ্করকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।[TECHTARANGA-POST:9075]স্থানীয় ও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, শুভঙ্কর ব্যক্তিগত জীবনের কোনও সমস্যার কারণে দীর্ঘস্থায়ী মানসিক অবসাদে ভুগছিলেন। তদন্তে উঠে এসেছে, তিনি মাঝেমধ্যে নেশার কবলেও পড়তেন। এই মানসিক অস্থিরতা এবং অবসাদই কি তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।[TECHTARANGA-POST:9033]ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্ট হবে। একজন কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের এমন মর্মান্তিক পরিণতিতে সহকর্মীদের মধ্যেও বিষাদ নেমে এসেছে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার