সোনমের সমর্থনে অনশন ঘিরে উত্তপ্ত বিশ্বভারতী! SFI-ABVP সংঘর্ষে চাঞ্চল্য শান্তিনিকেতনে
সোনম ওয়াংচুকের দাবির সমর্থনে বিশ্বভারতীর পড়ুয়াদের অনশন কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়াল শান্তিনিকেতনে। বিশ্বভারতী চত্বরে SFI এবং ABVP-র ছাত্রছাত্রীদের মধ্যে শুরু হয় তীব্র বচসা। একে অপরের বিরুদ্ধে স্লোগান-পাল্টা স্লোগান দিতে থাকেন দুই সংগঠনের সদস্যরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে তা ধস্তাধস্তি ও হাতাহাতির পর্যায়ে পৌঁছয় বলে অভিযোগ। বর্তমানে দু’পক্ষই আলাদা করে জমায়েত শুরু করেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশ্বভারতীর হিন্দি ভবনের সামনে SFI কর্মী-সমর্থকেরা অনশন কর্মসূচি পালন করছিলেন। গিটার হাতে গান গেয়ে এবং স্লোগানের মাধ্যমে তাঁরা নিজেদের প্রতিবাদ জানাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় ABVP-র কয়েকজন সদস্য সেখানে পৌঁছে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে শুরু করেন। এরপরই দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ। দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। খবর ছড়িয়ে পড়তেই বিশ্বভারতী চত্বরে উত্তেজনা বাড়ে।[TECHTARANGA-POST:11069]SFI-এর অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। সেই অবস্থান কর্মসূচিতে ABVP এসে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরি করেছে এবং হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ABVP। তাদের দাবি, SFI-এর সদস্যরাই শান্তিনিকেতনের পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন।ABVP-র এক নেতার অভিযোগ, “শান্তিনিকেতনের ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। অনশনের নামে অশান্তি তৈরি করা হচ্ছে।” অন্যদিকে, SFI-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, গণতান্ত্রিক প্রতিবাদের অধিকারেই তাঁরা কর্মসূচি পালন করছিলেন।