নয়াদিল্লি: পারিবারিক সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে আইনি জটিলতা দেশের প্রতিটি কোণায় নতুন কিছু নয়। কিন্তু বাবা জীবিত থাকা অবস্থায় ঠাকুরদার সম্পত্তিতে কি নাতি-নাতনিদের কোনো জন্মগত অধিকার থাকে? এই বহুচর্চিত প্রশ্নের এবার চূড়ান্ত ও তাৎপর্যপূর্ণ উত্তর দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, বাবা জীবিত থাকলে ঠাকুরদার সম্পত্তিতে নাতির জন্মগত অধিকার সংবিধান বা আইন নিশ্চিত করে না। ঠাকুরদার সম্পত্তিতে প্রথম অধিকার একমাত্র তাঁর নিজের সন্তানদের এবং তাঁর স্ত্রীর। সন্তানরা জীবিত থাকলে নাতি-নাতনিরা কোনোভাবেই সেই সম্পত্তির ওপর আইনি দাবি জানাতে পারেন না।
প্রায় তিন দশকের পুরনো একটি সম্পত্তি মামলার নিষ্পত্তি করতে গিয়ে গত ৬ নভেম্বর এই ঐতিহাসিক পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি অগাস্টিন জর্জ মাসি এবং বিচারপতি সুনীতা আগরওয়ালের ডিভিশন বেঞ্চ। মামলার সূত্রপাত ১৯৯৭ সালে। জে রাজেশ নামে এক নাবালকের হয়ে তার মা এই মামলাটি দায়ের করেছিলেন। ঘটনার বিবরণ অনুযায়ী, ১৯৯৪ সালে ওই নাবালকের ঠাকুরদার সম্পত্তি তাঁর সন্তানদের মধ্যে তিন ভাগে ভাগ হয়। সেই ভাগ থেকে মামলাকারীর বাবা ১ হাজার ৮১১ বর্গফুটের একটি জমি পান। কিন্তু মাত্র তিন বছর পর অর্থাৎ ১৯৯৭ সালে তিনি সেই জমিটি দু’জন ব্যক্তির কাছে বিক্রি করে দেন। এরপরই বাবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানায় ওই নাবালক। তার দাবি ছিল, যেহেতু জমিটি তার ঠাকুরদার, তাই ওই সম্পত্তিতে তার জন্মগত অধিকার রয়েছে এবং বাবা একা তা বিক্রি করতে পারেন না।
আরও পড়ুন: উৎসবের মেজাজে সাজছে দার্জিলিং
একাধিক নিম্ন আদালত ঘুরে দীর্ঘ আইনি লড়াইয়ের পর মামলাটি পৌঁছায় দেশের শীর্ষ আদালতে। সব দিক খতিয়ে দেখে সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, কারও সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ হয়ে যাওয়ার অর্থ হলো, প্রতিটি ভাগ সংশ্লিষ্ট সন্তানের নিজস্ব বা ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হওয়া। সম্পত্তি একবার ভাগ হয়ে গেলে তাকে আর যৌথ বা পৈতৃক সম্পত্তি হিসেবে দাবি করা যায় না।
হিন্দু উত্তরাধিকার আইনের ব্যাখ্যা দিয়ে শীর্ষ আদালত আরও জানায়, কোনো ব্যক্তি যদি উইল না করে মারা যান, তবে তাঁর সম্পত্তি প্রথম সারির উত্তরাধিকারীদের মধ্যেই ভাগ হয়। এই প্রথম সারির তালিকায় কেবল মৃত ব্যক্তির ছেলে, মেয়ে এবং বিধবা স্ত্রী থাকেন; নাতি বা নাতনিরা এই তালিকায় পড়েন না। ফলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি একবার ভাগ হয়ে গেলে সেই নির্দিষ্ট অংশের ওপর সন্তানের পূর্ণ অধিকার জন্মায় এবং তিনি নিজের ইচ্ছামতো তা বিক্রি বা ব্যবহার করতে পারেন। নাতি বা নাতনি সেখানে কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারেন না। সুপ্রিম কোর্টের এই রায় আগামী দিনে দেশের অসংখ্য সম্পত্তি সংক্রান্ত মামলার ক্ষেত্রে এক নতুন দিশা দেখাবে বলেই মনে করছে আইনি মহল।
Leave a comment