•
Home Top-News কিস্তওয়ারের দুর্গম জঙ্গলে জঙ্গি হামলা, উদ্ধার দুই স্পেশাল অফিসারের দেহ
Top-Newsদেশ

কিস্তওয়ারের দুর্গম জঙ্গলে জঙ্গি হামলা, উদ্ধার দুই স্পেশাল অফিসারের দেহ

Share
উদ্ধার দুই পুলিশ কর্মীর দেহ। ছবি: সংগৃহীত
Share

জম্মু: জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার দুর্গম পাহাড়ি ও জঙ্গলঘেরা অঞ্চলে জঙ্গিদের চোরাগোপ্তা হামলায় প্রাণ হারালেন জম্মু-কাশ্মীর পুলিশের দুই স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও)। বুধবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে জেলার দাচ্ছন-মারওয়াহ অঞ্চলের ধেরনা পোস্ট (ধেরনা টপ) এলাকা থেকে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছে যৌথ তল্লাশি বাহিনী। 

নিহত দুই পুলিশকর্মীর নাম রশপাল কুমার এবং ববি চাঁদ। প্রাথমিক তদন্তে নিরাপত্তা বাহিনীর অনুমান, দুর্গম ছায়া-এলাকায় ওত পেতে থাকা জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় এবং হত্যার পর তাঁদের কাছে থাকা সার্ভিস রাইফেল দু’টি লুট করে চম্পট দেয়।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিহত ববি চাঁদ এবং রশপাল কুমার দু’জনেই দুর্গম দাচ্ছন এলাকার কিয়ার গ্রামের বাসিন্দা। তাঁরা কিস্তওয়ার পুলিশের স্পেশ্যাল অপারেশনস গ্রুপের (এসওজি) সঙ্গে যুক্ত ছিলেন এবং কিয়ার সেক্টরে কর্মরত ছিলেন। 

বুধবার মারওয়াহ সেক্টরে সেনাবাহিনীর ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের (আরআর) অস্থায়ী অপারেটিং বেস বা ধেরনা পোস্টে কর্তব্যরত দুই সহকর্মীর বদলি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছিলেন তাঁরা। কিয়ার থেকে দুর্গম পাহাড়ি পথ ও ঘন জঙ্গল পেরিয়ে সেনা পোস্টের দিকে যাওয়ার সময়েই বিপত্তি ঘটে।

সূত্রের খবর, বুধবার বিকেল সাড়ে ৩টে নাগাদ ধেরনা জঙ্গল সংলগ্ন এলাকায় আচমকাই গুলির শব্দ শোনা যায়। ওই পথে যাতায়াতকারী বা সঙ্গে থাকা মালবাহকেরা (পোর্টার) গুলির আওয়াজ পেয়ে দ্রুত ফিরে গিয়ে নিরাপত্তা বাহিনীকে সতর্ক করেন। 

আরও পড়ুন : ১৫ সেকেন্ডে ৩০ রাউন্ড গুলি! কুলগ্রামে জঙ্গি হামলায় আহত তিন

তবে ওই তল্লাশিতে আগে থেকেই নিরাপত্তা বাহিনীর একাধিক দল মোতায়েন থাকায়, প্রথম কয়েক ঘণ্টা মনে করা হয়েছিল যে কোনও ভুল বোঝাবুঝি বা নিজেদের মধ্যেই (‘ফ্রেন্ডলি ফায়ার’) গুলি চলেছে। কিন্তু নির্ধারিত সময়ে ওই দুই এসপিও গন্তব্যে না পৌঁছনোয় উদ্বেগ বাড়তে থাকে।

জানা গিয়েছে, ঘটনার পর প্রথম দিকে তাঁদের মোবাইল ফোনে রিং হচ্ছিল। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই দু’জনের ফোনই সুইচড অফ হয়ে যায়। রাত গড়ালেও তাঁদের কোনও খোঁজ না মেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ওই দুর্গম বনাঞ্চলে বিশাল তল্লাশি অভিযান শুরু হয়। অবশেষে বৃহস্পতিবার ভোরে ধেরনা টপ এলাকা থেকে তাঁদের নিথর দেহ উদ্ধার করে তল্লাশি দল। একজনের মাথায় এবং অন্যজনের পিঠে গুলির ক্ষতচিহ্ন রয়েছে।

ঘটনাস্থল থেকে তাঁদের সঙ্গে থাকা একটি ইনসাস (ইনসাস রাইফেল) এবং একটি .৩০৩ রাইফেল পাওয়া যায়নি। তদন্তকারীদের দৃঢ় বিশ্বাস, জঙ্গিরা আগে থেকেই ওই দুর্গম পথে অ্যাম্বুশ বা ফাঁদ পেতে রেখেছিল। নিরস্ত্র বা অপ্রস্তুত অবস্থায় পেয়ে তাঁদের হত্যা করে আগ্নেয়াস্ত্র দু’টি ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা। হামলাকারীদের খোঁজে গোটা কিস্তওয়ার জেলা জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ, সেনা এবং আধাসামরিক বাহিনীর যৌথ দল।

উল্লেখ্য, কিস্তওয়ারের ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা অবশিষ্ট জঙ্গিদের নির্মূল করতে গত কয়েক মাস ধরেই লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। ধারাবাহিক এই অভিযানে বেশ কয়েকজন সক্রিয় জঙ্গি নিকেশ হওয়ায় জেলায় তাদের নেটওয়ার্ক অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। তার মধ্যেই এই হামলা নতুন করে উদ্বেগ বাড়াল। প্রসঙ্গত, এর কয়েক সপ্তাহ আগেই গত ১৬ অক্টোবর কিস্তওয়ারের ওয়ানিপোরা ত্রিগাম এলাকায় নিজের বাড়ির কাছ থেকেই বশির আহমেদ নামে ৫৫ বছর বয়সী আরও এক এসপিও-র দেহ উদ্ধার হয়েছিল। পেডিল পুলিশ পোস্টে কর্মরত বশির ডিউটি সেরে সার্ভিস এসএলআর রাইফেল নিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। যদিও পরবর্তী পুলিশি তদন্তে উঠে আসে, জমি সংক্রান্ত বিবাদের জেরে তাঁর আত্মীয়েরাই তাঁকে খুন করেছিলেন। তবে এ বারের ঘটনায় সরাসরি জঙ্গি যোগের বিষয়টিই জোরালো হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *