কলকাতা: রাজনীতির ময়দানে অন্যতম পরিচিত মুখ অগ্নিমিত্রা পাল। বাংলাকে দূষণমুক্ত করতে বাজার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে এসেছেন তিনি। তবে একসময় ফ্যাশন দুনিয়ায় নিজের পরিচিতি তৈরি করেছিলেন অগ্নিমিত্রা। কলকাতা থেকে মুম্বই সর্বত্রই তাঁর বেশ জনপ্রিয়তা ছিল। পরবর্তীকালে রাজনীতির ময়দানে পা রাখেন তিনি। বর্তমানে রাজ্যের মন্ত্রী হিসেবেও বিভিন্ন কাজে সক্রিয় অগ্নিমিত্রা। তবে এবার রাজনৈতিক মঞ্চ ছাড়া একেবারে অন্য ভূমিকায় দেখা গেল তাঁকে। হাতে তুলে নিয়েছেন কলম। সুকুমার রায়ের ছড়ার অনুপ্রেরণায় লিখে ফেললেন একটি কবিতা। নামকরণ করেছেন‘হিং-টিং-ছট’।
কেন হঠাৎ কবিতা লেখার ইচ্ছে হল? সেই ব্যাখ্যাও দিয়েছেন মন্ত্রী নিজেই। অগ্নিমিত্রার কথায়, “ছোটবেলা থেকেই সুকুমার রায়ের কবিতা আমার খুব প্রিয়। “তাঁর কবিতা ভাবায়, কোনও কোনও সময় কাঁদায়।” সেই ছড়ার ধরন ও অনুপ্রেরণাতেই নিজের কবিতা লিখেছেন তিনি। তবে এটি সাধারণ কোনও ছড়া নয়। তাঁর ‘হিং-টিং-ছট’ কবিতার প্রতিটি স্তবকেই রয়েছে বামেদের ৩৪ বছরের শাসনকালের সমালোচনা।
আরও পড়ুন: জ্ঞানেশকে কটাক্ষ! ভবানীপুর থানায় হাজিরা অভিষেকের
কবিতায় ধর্মঘট, বনধ, মিছিল-মিটিং থেকে শুরু করে শিল্প ও কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে ধরেছেন অগ্নিমিত্রা। বাম আমলে কম্পিউটার চালুর বিরোধিতা, কলকারখানা বন্ধ হয়ে যাওয়া এবং বেকারত্বের মতো বিষয়গুলিও বাদ যায়নি। সব মিলিয়ে রাজনৈতিক আক্রমণকে ছড়ার মেজাজে পরিবেশন করেছেন মন্ত্রী।
অগ্নিমিত্রা পালের লেখা কবিতা ‘হিং-টিং-ছট’—
৩৪ বছর লাল নিশান, কথায় কথায় বড় জ্ঞান
ধর্মঘট আর মিছিল-মিটিং, হিং-টিং-ছট, হিং-টিং-ছট
সকালে বনধ, বিকেলে ডাক, কাজের বেলায় তালা থাক
বাসও বন্ধ, দোকানও বন্ধ, জনজীবন থাকত স্তব্ধ
কম্পিউটার আসছে দেশে, আপত্তি উঠল হেসে হেসে
কম্পিউটার নাকি চাকরি খাবে, তাই তাকে দূরে সরিয়ে রাখবে
কলকারখানা বন্ধ হল, কত মানুষের স্বপ্ন গেল
নতুন শিল্পের খবর নাই, বেকার ছেলের জবাব নাই
ডিগ্রি নিয়ে ঘুরছে ছেলে, চাকরি হয় না ভাগ্যবলে
বাবার টাকা মায়ের আশা, বেকার জীবন সর্বনাশা
নেতার মুখে বড় বড় বাণী, সবাই নাকি শ্রমিক শ্রেণি
নিজের ভুলের কথা উঠলে, পুরনো দিনের গল্প বলে
দিমাগি দাদার জ্ঞানের ঝুলি, কথায় ফুলঝুরি খালি খুলি
দেশের হাল কে নেবে ভাই? প্রশ্ন করলে উত্তর নাই
৩৪ বছরের হিসেবখাতা, মানুষ রাখেনি কিছুই মাথায়
সবই দেখেছে, সবই জেনেছে
ভোটের বাক্সে জবাব দিয়েছে
মানুষ চিনেছে, বুঝেছে তাই
আর পুরনো পথে হাঁটে নাই
পুরনো দিনের বাঁধন ছেড়ে
নতুন সূর্য উঠুক ভোরে
হিং-টিং-ছট, হিং-টিং-ছট
৩৪ বছরের পালা শেষে ফট
মানুষ যখন জবাব দেয়
ক্ষমতার মসনদ টলে যায়
কথায় নয় কাজে পরিচয়
মানুষের রায়ই শেষ কথা কয়
হিং-টিং-ছট, হিং-টিং-ছট
৩৪ বছরের পট পালটে গেল ঝটপট
৩৪ বছর হয়েছে পার, বামেরা এবার পগারপার
কারণ, মানুষের নেই ভরসা আর
হিং-টিং-ছট, হিং-টিং-ছট
সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকেই কবিতাটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অগ্নিমিত্রা। প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে এই ছড়া ঘিরে আলোচনা শুরু হয়েছে।
Leave a comment