মুম্বই: রোমাঞ্চ এবং উত্তেজনার পারদ চড়িয়ে ওমানের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে এক উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ট্রফি জিতেছে ভারত।
কিন্তু মহানাটকীয় সেই জয়ের ঠিক পরেই ভারতীয় যুবাদের জয়ের উল্লাস এবং সেলিব্রেশনের ধরণ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শেষ বলে বাউন্ডারি মেরে দলক জয় এনে দেওয়ার পর উল্লাসে ফেটে পড়েন ভারতীয় ক্রিকেটাররা।
কিন্তু সেই উদ্যাপনের সময় বিপক্ষ দলের খেলোয়াড়দের উদ্দেশে কিছু অপ্রয়োজনীয় অঙ্গভঙ্গি করার অভিযোগ ওঠায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। এই পরিস্থিতিতে প্রশ্নচিহ্নের মুখে পড়া তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সাফ জানিয়ে দিয়েছেন, হার না মানা মানসিকতা নিয়ে অবিশ্বাস্য লড়াই করে জেতার পর এমন আবেগ প্রকাশের পূর্ণ অধিকার ওই কিশোরদের রয়েছে।
ঘটনার সূত্রপাত শনিবার ওমানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে। এ দিন ফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৭ রানের পাহাড়প্রমাণ স্কোর দাঁড় করায় পাকিস্তান। রান তাড়া করতে নেমে এক সময় ভারতের জয়ের আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল।
আরও পড়ুন : এশিয়া কাপে ব্যর্থ তারকাপুত্ররা, মানাল-মোহিতের হাত ধরে পাকিস্তান বধ ভারতের
৮ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারতীয় দল। জয় থেকে তখনও ৮৬ রান দূরে ছিল তারা, আর হাতে ছিল মাত্র ৫১টি বল। এমন একটি খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে অবিশ্বাস্য কামব্যাক করে ম্যাচ জিতে নেয় ভারত।
নবম উইকেটে মনল চৌহান এবং মোহিত উলভার লড়াকু জুটি দলকে খাদের কিনারা থেকে তোলে। মনল ৩২ বলে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আর শেষ পর্যন্ত মাত্র ২৬ বলে অপরাজিত ৪৯ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে মহাবীর হয়ে ওঠেন মোহিত উলভা। শেষ বলের রোমাঞ্চে বাউন্ডারি হাঁকিয়ে দলকে অবিস্মরণীয় জয় এনে দেন তিনিই।
ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। ত্রিবর্ণরঞ্জিত পতাকায় জড়িয়ে মাঠের মাঝে উল্লাস করতে শুরু করেন তাঁরা। কিন্তু এর পরেই বিতর্কের মেঘ ঘনিয়ে আসে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওয় দেখা যায়, জয়ের উত্তেজনায় পাকিস্তানের উইকেটকিপার হামজ়া জহুর ও তাঁর সতীর্থদের দিকে কিছু আপত্তিকর বা আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করছেন ভারতীয় দলের কেউ কেউ। এমনকী পরিস্থিতি সামাল দিতে দলের সাপোর্ট স্টাফদেরও দ্রুত মাঠে হস্তক্ষেপ করতে দেখা যায়।
একটি ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচের চাপ এবং শেষ বলের নাটকীয়তার পর জয় উদযাপন যে অত্যন্ত আবেগের, সে বিষয়ে কোনও দ্বিমত নেই। কিন্তু হেরে যাওয়া বিপক্ষ দলের ঠিক সামনে দাঁড়িয়ে এই ধরনের অঙ্গভঙ্গি কি সমস্ত সীমা ছাড়িয়ে গেছে?
ক্রিকেটপ্রেমী ও বিশেষজ্ঞদের একাংশের প্রশ্ন, মহানাটকীয় জয়ের আবেগ আর প্রতিপক্ষকে অসম্মান করার মধ্যে একটা সূক্ষ্ম সীমারেখা থাকা উচিত। ফাইনালের মতো মঞ্চে সেই শালীনতা বজায় রাখা নিয়ে শুরু হয়েছে তীব্র কাটাছেঁড়া।
তবে এই বিতর্কের মাঝেই তরুণ ক্রিকেটারদের ঢাল হয়ে দাঁড়িয়েছেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যে পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত ম্যাচ জিতেছে, তাতে এই প্রতিক্রিয়া সম্পূর্ণ স্বাভাবিক।
সাইকিয়ার কথায়, ‘‘ওদের এই উদ্যাপনই দলের চরিত্র এবং লড়াই করার মানসিকতার প্রতিফলন। একটু ভেবে দেখুন, কতটা রুদ্ধশ্বাস ছিল আজকের ম্যাচটা! একটা সময়ে মনে হচ্ছিল ম্যাচ ভারতের হাতের বাইরে চলে গেছে। সেখান থেকে জয় ছিনিয়ে আনা দলের আত্মবিশ্বাস এবং ‘হার না মানা’ মানসিকতারই পরিচয় দেয়।’’
বিসিসিআই সচিবের মতে, এত কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয়ের পর সেলিব্রেট করার পুরো অধিকার এই তরুণদের রয়েছে।
বোর্ডের শীর্ষকর্তা যতই জুবাদের এই উদ্যাপনকে তাদের লড়াইয়ের জেদ বলে সমর্থন করুন না কেন, মাঠের পরিসমাপ্তির পর এই বিতর্কের জল কতদূরড়ায়, সেটাই এখন দেখার। বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করার পাশাপাশি ক্রিকেটীয় সংস্কৃতির গণ্ডি বজায় রাখার বিষয়টি নিয়ে যে জোর চর্চা শুরু হয়েছে, তা বলাই বাহুল্য।
Leave a comment