নয়াদিল্লি: রবিবার পাহাড়গঞ্জের রেশ কাটতে না কাটতেই মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ফের ভয়াবহ বাড়ি বিপর্যয়ের সাক্ষী থাকল রাজধানী দিল্লি। মঙ্গলবার সকালে পূর্ব দিল্লির শাহদরা জেলার বিবেকবিহার থানাধীন জ্বালানগর (কস্তুরবা নগর সংলগ্ন) এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রায় ৪০-৫০ বছরের পুরনো একটি দোতলা বাড়ি।
মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন বছরের এক শিশুকন্যা-সহ দু’জনের। মৃতদের নাম খুসবু (৩) এবং পিন্টু (৩৫)। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া বাকি বাসিন্দাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গোটা ঘটনায় রাজধানীর জীর্ণ ও বেআইনি নির্মাণ নিয়ে পুর প্রশাসন এবং রেল কর্তৃপক্ষের ভূমিকা ফের প্রশ্নের মুখে পড়ে গিয়েছে।
পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ জ্বালানগর শ্মশানের ঠিক পাশেই অবস্থিত ওই দোতলা বাড়িটির ছাদ ও একাংশ বিকট শব্দে ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় বাড়ির ভিতরেই ছিলেন ভাড়াটে পরিবারের সদস্যেরা। মুহূর্তের মধ্যে ইট-সুরকির স্তূপের নীচে চাপা পড়ে যান অন্তত সাত থেকে আট জন। বিকট শব্দ শুনে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে তাঁরাই হাত লাগান উদ্ধারকাজে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন, দিল্লি পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল। ধ্বংসস্তূপ সরিয়ে একে একে চাপা পড়া মানুষজনকে টেনে বের করে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসকেরা তিন বছরের খুসবু এবং ৩৫ বছরের পিন্টুকে মৃত বলে ঘোষণা করেন। ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে স্নিফার ডগ ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভেঙে পড়া বাড়িটির মালিক সুরেন্দ্র সিংহ নামে এক ব্যক্তি। সেখানে ভাড়া থাকতেন ওই পরিবারগুলি। কিন্তু বিপজ্জনক এই বাড়িটি কী ভাবে এবং কার জমিতে তৈরি হয়েছিল, তা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক চাপানউতোর।
ঘটনাস্থলে পৌঁছে বিজেপির স্থানীয় কাউন্সিলর তথা পুরপ্রধান পঙ্কজ লুথরা সরাসরি অবৈধ দখলদারিকেই এই বিপর্যয়ের জন্য দায়ী করেছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যে জমিতে বাড়িটি নির্মাণ করা হয়েছিল, সেটি আসলে রেল মন্ত্রকের জমি। গত পাঁচ-ছয় দশক ধরে লোকজন এই জমি দখল করে একের পর এক অবৈধ ও অপরিকল্পিত স্থাপনা নির্মাণ করে আসছেন।” প্রায় অর্ধশতাব্দী পুরনো এই বাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবেই ভেঙে পড়েছে বলে প্রাথমিক অনুমান।
উল্লেখ্য, দিল্লিতে বাড়ি ভেঙে পড়ার ঘটনা যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত রবিবারই মধ্য দিল্লির পাহাড়গঞ্জে একটি নির্মীয়মাণ হোটেলের একাংশ ভেঙে পড়ে গুরুতর জখম হয়েছিলেন ৮ জন শ্রমিক। তার আগে গত সেপ্টেম্বর মাসে দক্ষিণ দিল্লির সত্য নিকেতনে একটি হস্টেল ভবন ভেঙে পড়ে প্রাণ হারিয়েছিলেন ৭ জন।
পরপর এতগুলি প্রাণঘাতী দুর্ঘটনার পরেও বিপজ্জনক বাড়ি চিহ্নিত করা বা বেআইনি নির্মাণ রুখতে প্রশাসন কেন কঠোর পদক্ষেপ করছে না, তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন রাজধানীবাসী। ইতিমধ্যেই বাড়ির মালিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে তদন্ত শুরু করেছে বিবেকবিহার থানার পুলিশ।
Leave a comment