•
Home Top-News ‘বাবা’ বলে ডাক পড়ল দেবাংশুর! বাড়ির দরজায় কার্তিক, সঙ্গে একগুচ্ছ ফরমায়েশ!
Top-Newsকলকাতা

‘বাবা’ বলে ডাক পড়ল দেবাংশুর! বাড়ির দরজায় কার্তিক, সঙ্গে একগুচ্ছ ফরমায়েশ!

Share
Hidden Stories News
দেবাংশুর বাড়িতে কার্তিক। ছবি: সংগৃহীত
Share

কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবলের পর কিছুটা আড়ালেই রয়েছেন দেবাংশু ভট্টাচার্য। একসময় তৃণমূল কংগ্রেসের অন্যতম চর্চিত মুখ ছিলেন তিনি। ২০২১-এর বিধানসভা ভোটে তাঁর খেলা হবে স্লোগান আরও জনপ্রিয় হয়ে ওঠে। তবে এবার রাজনীতির ময়দান ছেড়ে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন দেবাংশু। সবে আশীর্বাদ পর্ব সেরেছেন। বিয়ের সানাই বাজতে আরও বেশ কিছুটা দেরি। আর তার আগেই দেবাংশু ভট্টাচার্যের বাড়িতে হাজির কার্তিক ঠাকুর! 

তবে শুধু প্রতিমা নয়, সঙ্গে এসেছে খাবারের লম্বা তালিকা। কাবাব, পোলাও, মাংস থেকে চাটনি, কিছুই বাদ যায়নি। সকাল হতেই দরজা খুলে এমন কাণ্ড দেখে রীতিমতো অবাক তৃণমূলের একদা পরিচিত মুখ। সমাজমাধ্যমে প্রতিমার ছবি ও সঙ্গে পাওয়া চিঠি পোস্ট করেছেন দেবাংশু। তাঁর স্পষ্ট বক্তব্য, এখনও তো বিয়েই হয়নি! তাহলে এত তাড়াহুড়ো কিসের?

সম্প্রতি নিজের জীবনের নতুন অধ্যায়ের খবর সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন দেবাংশু। ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ করে পোস্ট করেছেন। তারপর সমাজমাধ্যমে তিনি জানান, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে আশীর্বাদ পর্ব সম্পন্ন হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা রয়েছে। হবু স্ত্রী পেশায় বিমানসেবিকা। একটি জনপ্রিয় বিমানসংস্থায় কর্মরত তিনি। তাঁর বাড়ি উত্তরপাড়ায়। স্বাভাবিকভাবেই বিয়ের খবর প্রকাশ্যে আসতেই খবরের শিরোনামে এসেছেন তিনি।

আরও পড়ুন: উদয়ের গাড়িতে কার্তিক ঠাকুর! বাড়িতে ফিরতেই মাথায় হাত অনামিকার?

তবে সেই খবর চাউর হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মঙ্গলবার সকালে দেবাংশুর বাড়ির দরজায় হাজির কার্তিক ঠাকুর। কিন্তু কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, তা প্রথমে বুঝতেই পারেননি তিনি। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারেন, রাত সাড়ে তিনটে নাগাদ হেলমেট পরা দুই ব্যক্তি বাইকে চেপে এসে এই কাণ্ড ঘটিয়েছেন। তাঁদের পরিচয় অবশ্য এখনও জানা যায়নি।

কার্তিক ঠাকুরের সঙ্গে একটি চিঠিও রেখে গিয়েছেন সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। সেখানে লেখা, ‘প্রিয় বাবা দেবাংশু, তোমার আর মায়ের বিয়ের কথা শুনেই আমি আসব পাকাপাকি করলাম।’ শুধু তাই নয়, কার্তিকের জন্য কী কী খাবারের আয়োজন করতে হবে, তারও একটি তালিকা জুড়ে দেওয়া হয়েছে। কাবাব, পোলাও, মাংস, চাটনি-সহ একাধিক পদের আবদার রয়েছে সেখানে। চিঠির শেষেও রয়েছে মজার খোঁচা। লেখা হয়েছে, ‘জানি তুমি প্রচণ্ড কিপটে, তাই বলে আবার কার্তিক ঠাকুরের নির্দেশ অমান্য করো না।’

প্রতিমা ও চিঠির ছবি পোস্ট করে লিখেছেন, “সকালে উঠে দেখি সদর দরজায় কারা তাঁকে রেখে দিয়ে গিয়েছেন! সিসিটিভিতে দেখলাম হেলমেট পরা দুই ব্যক্তি বাইক নিয়ে এসে রাত্রি সাড়ে তিনটে নাগাদ এই কাণ্ড ঘটিয়েছেন। তাঁদের চিনতে পারিনি। কিন্তু যাঁরাই করেছেন তাঁদের বলি, আমি এখনও বিবাহিত নই। পারিবারিক আশীর্বাদ পর্ব হয়েছে কেবল! এত উত্তেজিত হবেন না প্লিজ! বিয়ের আগে কে কার্তিক ফেলে যায় বলুন তো? যাই হোক, প্রভু এসেছেন যখন, তাঁকে সপরিবারে সাদরে গ্রহণ করলাম।”

উল্লেখ্য, বাঙালি পরিবারে কার্তিক পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এক বিশেষ লোকাচার। রীতি অনুযায়ী, নতুন বিবাহিত দম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর রেখে যাওয়ার রীতি রয়েছে। এছাড়াও সন্তান কামনায় এবং পরিবারের কল্যাণে অনেকই এই পুজোর আয়োজন করে থাকেন। মজার ছলে সেই প্রথারই আগাম আয়োজন করে দিলেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। অন্যদিকে, বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচীর বাড়িতেও কার্তিক ঠাকুর পৌঁছে যাওয়ার খবর সামনে এসেছে। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *