•
Home Top-News জ্বলছে বাংলাদেশ, ইউনূসের বাড়িতে আগুন, নিহত দুই বিএনপি নেতা, জামাত-তারেক ‘বৈঠক’
Top-Newsবিশ্ব

জ্বলছে বাংলাদেশ, ইউনূসের বাড়িতে আগুন, নিহত দুই বিএনপি নেতা, জামাত-তারেক ‘বৈঠক’

Share
ঢাকার রাস্তায় সেনা। ছবি : এক্স
Share

ঢাকা: আগামী ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নেত্রীর সেই ঘোষণার পর থেকেই কার্যত বারুদের স্তূপে পরিণত হয়েছে গোটা বাংলাদেশ। বৃহস্পতিবার দেশজুড়ে বন্‌ধের ডাক দিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লিগ। 

তার ঠিক আগের রাতে, বুধবার দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ও অগ্নিসংযোগে কেঁপে উঠল পদ্মাপার। চট্টগ্রামে পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। 

অন্যদিকে, নড়াইলে বিএনপি এবং আওয়ামীর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বিএনপির দুই নেতা। পরিস্থিতি এতটাই সঙ্গিন যে, হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন রুখতে পুরনো জোটসঙ্গী জামায়াতে ইসলামির সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের ৬৪ জেলায় আট দফা বিশেষ সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অবস্থিত মহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে হামলা চালায় একদল অজ্ঞাতপরিচয় যুবক। বাড়িটির নীচতলার একটি পরিত্যক্ত ঘরে আগুন ধরিয়ে দেওয়া হলে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

আরও পড়ুন : হাসিনা ফিরছেন, এই গুঞ্জনেই অগ্নিগর্ভ বাংলাদেশ! পুড়ল থানা, জীবন্ত দগ্ধ বাস চালক

এর ঠিক কয়েক ঘণ্টা আগে বুধবার সন্ধ্যায় রণক্ষেত্রের চেহারা নেয় নড়াইলের কালিয়া উপজেলা। আওয়ামী লিগের আস্ফালনের প্রতিবাদে বেন্দারচর এলাকার বটতলা মোড়ে মোটরবাইক মিছিল বের করেছিল বিএনপি। 

অভিযোগ, সেই মিছিলে অতর্কিতে হামলা চালায় আওয়ামী লিগের নেতা-কর্মীরা। গুরুতর জখম অবস্থায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন যুবদল নেতা মহম্মদ মফিজুর রহমান।

আওয়ামী লিগের এই ক্রমবর্ধমান সক্রিয়তায় রীতিমতো নড়েচড়ে বসেছে ঢাকা। দিন দশেক আগে লন্ডনের একটি আইনি সংস্থার মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নিজের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফিরে পাওয়ার আবেদন জানিয়েছিলেন শেখ হাসিনা। 

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং আইনমন্ত্রী মহম্মদ আসাদুজ্জামান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে হাসিনাকে কোনও ভ্রমণ নথি দেওয়া হবে না, বরং ভারতকে তাঁকে প্রত্যর্পণ করতে হবে। কিন্তু সরকারি স্তরে পাসপোর্ট নাকচ করা হলেও, তারেক রহমানের প্রশাসন ভেতরে ভেতরে ধরে নিয়েছে যে অনুমতি ছাড়াই আগামী মাসে দেশে ঢুকে পড়তে পারেন হাসিনা।

সেই আশঙ্কা থেকেই স্বরাষ্ট্র মন্ত্রকের রাজনৈতিক শাখার উপসচিব কেএম ইয়াসমিন আরাফাতের স্বাক্ষরিত আট দফা জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে দেশের ৬৪ জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং আইজিপি-র কাছে। 

নির্দেশিকায় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-কে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে এবং আওয়ামী লিগ ও তার সহযোগী সংগঠনগুলির গতিবিধির উপর কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, রাজনৈতিক স্তরেও প্রতিরোধের ঘুঁটি সাজাতে শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে জাতীয় সংসদের ভাষণে আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের রুখতে জাতীয় ঐক্যের ডাক দেন তিনি। 

সেই রাতেই সংসদের বিরোধী দলনেতা তথা জামায়াতে ইসলামির আমির শফিকুর রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন তারেক। রাজনৈতিক মহলের মতে, ‘দেশ বাঁচাতে প্রাণের ঝুঁকি নিয়েও ফিরব’স হাসিনার এই ঘোষণার পর যে জনজোয়ারের আশঙ্কা তৈরি হয়েছে, তা সামাল দিতেই পুরনো শরিক জামায়াত এবং এনসিপি-কে পাশে টেনে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে শাসকদল বিএনপি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *