কলকাতা: পাহাড়ের কোলে মধুচন্দ্রিমার দিনগুলি আজীবনের মধুর স্মৃতি হয়ে থাকার কথা ছিল।
কিন্তু সেই স্বপ্নময় সফরই যে এমন ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়ে তরতাজা প্রাণ কেড়ে নেবে, তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি উত্তর দিনাজপুরের চোপড়ার সাহা পরিবার। গত ১৩ সেপ্টেম্বর দার্জিলিংয়ের সিটঙে হানিমুনে গিয়ে হোমস্টেতে বার্বিকিউ করার সময় আগুনে ঝলসে গিয়েছিলেন ২৫ বছরের নিকিতা সাহা। শরীরের প্রায় ৬০ শতাংশ পোড়া ক্ষত নিয়ে দীর্ঘ ৬৮ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। অবশেষে সব লড়াই থামল। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিকিতা। তাঁর মৃত্যুর খবর চোপড়ায় পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর স্বামী সমীরের সঙ্গে সিটঙের একটি হোমস্টেতে বেড়াতে গিয়েছিলেন নিকিতা। গত ১৩ সেপ্টেম্বর রাতে বৃষ্টির মধ্যে হোমস্টে চত্বরে বার্বিকিউয়ের আয়োজন করা হয়েছিল।
অভিযোগ, আগুনের শিখা নিভে আসায় তা বাড়ানোর জন্য কেরোসিন ভেবে অত্যন্ত দাহ্য কোনও রাসায়নিক তরলের ড্রাম আগুনের মধ্যে ঢেলে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে এবং আগুনের লেলিহান শিখা ছিটকে এসে সরাসরি গ্রাস করে নিকিতাকে। স্ত্রীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লে স্বামী সমীরের হাতের একাংশও পুড়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নিকিতাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে এসে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চলছিল চিকিৎসা।
আরও পড়ুন : সিটঙের হোমস্টেতে বার্বিকিউ ট্র্যাজেডি, গ্রেফতার মালিক-সহ ৪, মৃত্যুর সঙ্গে লড়াই
পরিবার সূত্রে খবর, চার দিন আগে বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিকিতার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে (চার্নক হাসপাতাল) স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার ভোর ৪টেয় মৃত্যু হয় তাঁর।
ঘটনার পর থেকেই সিটঙের ওই হোমস্টের নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মীদের চরম গাফিলতি নিয়ে সরব হয়েছেন নিকিতার স্বামী সমীর ও তাঁর পরিবার। অভিযোগ, কোনও রকম সতর্কতা ছাড়াই দাহ্য তরল আগুনে ঢালা হয়েছিল। এই ঘটনায় এফআইআর দায়ের হওয়ার পর পুলিশ হোমস্টের তিন জনকে গ্রেফতারও করেছিল, যাঁদের মধ্যে আগুনে রাসায়নিক ঢালায় অভিযুক্ত কর্মীও রয়েছেন।
যদিও গাফিলতির অভিযোগ মানতে চাননি হোমস্টের মালিক নেহাল আইরন। তাঁর দাবি, বারবার সতর্ক করা সত্ত্বেও ওই দম্পতি আগুনের খুব কাছে বসেছিলেন এবং নিকিতা নাইলনের পোশাক পরে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
মালিকের আরও দাবি, সিসিটিভি ফুটেজে দম্পতির সঙ্গে তৃতীয় যে ব্যক্তিকে ড্রাম থেকে তরল ঢালতে দেখা গিয়েছে, তিনি হোমস্টের কর্মী নন। দম্পতিই ঠান্ডা লাগার কথা বলে ওই ব্যক্তিকে ডেকে আগুন বাড়াতে বলেছিলেন। তবে মালিকের সাফাই যা-ই হোক না কেন, পর্যটন কেন্দ্রের হোমস্টেগুলিতে অগ্নিসুরক্ষা ও নজরদারির অভাবই যে নববধূর অকালমৃত্যুর কারণ হল, তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন চোপড়ার বাসিন্দারা।
Leave a comment