•
Home Top-News সাত দিনের অপেক্ষা! বড় পর্দায় কি দেখাবেন অভিষেক?
Top-Newsকলকাতাপশ্চিমবঙ্গ

সাত দিনের অপেক্ষা! বড় পর্দায় কি দেখাবেন অভিষেক?

Share
সাংবাদিক বৈঠকে অভিষেক। নিজস্ব ছবি
Share

কলকাতা: জোড়াফুল তুমি কার?

তৃণমূলের নাম এবং দলীয় প্রতীক নিয়ে আইনি ও রাজনৈতিক টানাপোড়েন এ বার চরম পর্যায়ে পৌঁছল। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির জগদ্ধাত্রী পুজো থেকে প্রতিপক্ষ শিবিরকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, “জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে এবং থাকবেই। সাত দিন খালি দাঁড়ান। কী ভাবে পুলিশ থানায় এফিডেভিট (হলফনামা) ফাইল হয়েছে, সব সামনে আসবে।” শুধু তা-ই নয়, বড় পর্দায় সমস্ত তথ্য সকলের সামনে তুলে ধরে সাধারণ মানুষকে তার সাক্ষী রাখারও দাবি জানিয়েছেন অভিষেক।

প্রসঙ্গত, দলের নাম ও প্রতীকের অধিকার নিয়ে আইনি লড়াইয়ের মাঝেই গত রবিবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে নথি জমা দিয়েছে কালীঘাট শিবির। লোকসভা ও রাজ্যসভার দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের দফতরে এই নথি জমা দেয়। দিল্লিতে কমিশনের দফতরের বাইরে দাঁড়িয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গের ৩২ জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হলফনামা জমা দিয়েছেন। পাশাপাশি, লোকসভা ও রাজ্যসভার ১৭ জন সাংসদ, মেঘালয়ের ৫ জন এবং অসমের ১ জন বিধায়কও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই হলফনামা দিয়েছেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন : সুপ্রিম কোর্ট ‘নীরব দর্শক’! বিচারপতিদের নিয়ে মুখ খোলায় অভিষেককে শো-কজ়

রাজনৈতিক মহলের হিসেবে, গত বিধানসভা নির্বাচনে জোড়াফুল প্রতীকে মোট ৮০ জন বিধায়ক জয়ী হয়েছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী যদি ৩২ জন বিধায়ক কালীঘাট শিবিরের পক্ষে থাকেন, তবে সংখ্যাতত্ত্বের বিচারে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বিধায়ক সংখ্যা দাঁড়াচ্ছে ৪৮-এ। যদিও এই সরল যোগ-বিয়োগের অঙ্কের বাইরে অন্য সমীকরণের ইঙ্গিত দিয়ে রেখেছেন ঋতব্রত নিজে।

প্রতীক নিয়ে এই দড়ি টানাটানির আবহে মুখ খুলেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, “ক’দিনের মধ্যে প্রতীকটা পাই, তখন একদম সারা বাংলা জুড়ে শুধু শুনবেন, ‘ওহ লাভলি’।”

অন্য দিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির কড়া জবাব দিতে ছাড়েনি ঋতব্রত শিবিরও। বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক তথা ঋতব্রতপন্থী বিধায়ক আখরুজ্জামান পাল্টা আক্রমণ শানিয়ে বলেন, “উনি এখন শান্তিতে ঘুমোন। এর পর যেন না বলেন সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন অন্যায় করেছে। এ কথা যেন শুনতে না হয়। প্রতীক এবং দলের তহবিল আমরাই পাব।”

এক দিকে নির্বাচন কমিশনে জমা পড়া হলফনামার সংখ্যাতত্ত্ব, অন্য দিকে বড় পর্দায় ‘পুলিশ থানায় এফিডেভিট ফাইলের’ তথ্য ফাঁসের হুঁশিয়ারি। সব মিলিয়ে জোড়াফুল প্রতীকের মালিকানা ঘিরে বঙ্গ রাজনীতিতে উত্তাপ তুঙ্গে। আগামী সাত দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী তথ্য সামনে আনেন এবং নির্বাচন কমিশন কোন শিবিরের দাবিতে সিলমোহর দেয়, আপাতত সে দিকেই তাকিয়ে গোটা রাজ্য।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *