কলকাতা: শীতকাল মানেই নলেন গুড় আর পিঠে-পুলির পাশাপাশি গরমাগরম গাজরের হালুয়া। তবে খাওয়ার ইচ্ছে থাকলেও গাজর কোড়ানোর কথা ভেবেই অনেকে পিছিয়ে যান। গাজর কুড়িয়ে ঝুরঝুরে করা মোটেই সহজ কাজ নয়। তবে এবার সেই ঝক্কি এড়িয়েই বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মিষ্টির দোকানের মতো দানাদার গাজরের হালুয়া। আর এই কাজে আপনাকে সাহায্য করবে রান্নাঘরে থাকা সাধারণ মিক্সার গ্রাইন্ডারই!
কী কী উপকরণ লাগবে?
গাজরের হালুয়া বানাতে লাগবে ১ কেজি লাল গাজর, ৩ চামচ ঘি, ২ কাপ ঘন দুধ, আধা কাপ দুধের সর অথবা গুঁড়ো দুধ, স্বাদমতো চিনি, ৩-৪টি ছোট এলাচ এবং এক মুঠো কাজু-কিশমিশ।
মিক্সারেই গাজরের ঝুরঝুরে মিশ্রণ তৈরি করুন
প্রথমে গাজর ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। এরপর মিক্সার গ্রাইন্ডারের দিয়ে অল্প অল্প করে ঘুরিয়ে নিন। তবে একটানা মিক্সি চালাবেন না। গাজর মিহি পেস্ট হয়ে যেতে পারে। বরং অল্প সময়ের জন্য কয়েকবার মিক্সি চালালে গাজর একেবারে ঝুরঝুরে হয়ে যাবে।
আরও পড়ুন: শীতের সকালে গুড়-নারকেলের মিষ্টি পরোটা! বানিয়ে ফেলুন সহজেই
কীভাবে বানাবেন?
এবার কড়াইয়ে ২ চামচ ঘি গরম করে এলাচ দিয়ে দিন। এলাচের সুগন্ধ বেরোলে মিক্সিতে ভাঙা গাজর ঢেলে মাঝারি আঁচে ৫-৭ মিনিট নাড়াচাড়া করুন। গাজরের হালকা সেদ্ধ হয়ে গেছে মনে হলে তাতে ঘন দুধ মেশান। আঁচ কমিয়ে কড়াই ঢেকে ৮-১০ মিনিট রান্না হতে দিন। গাজর নরম হয়ে এলে ঢাকনা খুলে ধীরে ধীরে দুধ শুকিয়ে আনুন।
এরপর স্বাদমতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। চিনি গলে গাজর থেকে কিছুটা জল বেরোবে। সেই জল শুকিয়ে মিশ্রণটি মাখো মাখো হয়ে এলে গুঁড়ো দুধ মিশিয়ে দিন। এতে হালুয়ার স্বাদ ও ঘনত্ব দুটোই বাড়বে।
সবশেষে বাকি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সবশেষে উপর থেকে ভাজা কাজু-কিশমিশ ছড়িয়ে দিন। ব্যস, গরমাগরম দানাদার গাজরের হালুয়া তৈরি। শীতের সন্ধ্যায় কিংবা দুপুরের খাবারের পর এই পদ খাবেন একেবারে চেটেপুটে।
Leave a comment