•
Home দেশ সাত বছর পর জয়! দু’সপ্তাহের মধ্যেই সুদ-সহ ৪৮০ টাকার গ্র্যাচুইটি পাবেন জেট কর্মীরা
দেশ

সাত বছর পর জয়! দু’সপ্তাহের মধ্যেই সুদ-সহ ৪৮০ টাকার গ্র্যাচুইটি পাবেন জেট কর্মীরা

Share
ট্রাইব্যুনালের রায়ে স্বস্তিতে জেটকর্মীরা।
Share

নয়াদিল্লি: দীর্ঘ সাত বছরের ক্লান্তিকর আইনি লড়াই এবং অনিশ্চয়তার অন্ধকার কাটিয়ে অবশেষে ঐতিহাসিক জয় পেলেন বিমানসংস্থা জেট এয়ারওয়েজ়ের হাজার হাজার প্রাক্তন কর্মী। বৃহস্পতিবার ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলাট ট্রাইব্যুনাল (এনসিএলএটি) নির্দেশ দিয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে সংস্থার সমস্ত যোগ্য কর্মীর বকেয়া গ্র্যাচুইটি সুদ-সহ মিটিয়ে দিতে হবে। 

সূত্রের খবর, সুদ ও আসল মিলিয়ে কর্মীদের প্রাপ্য এই বকেয়া অর্থের মোট অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় ৪৮০ কোটি টাকা। ট্রাইব্যুনালের স্পষ্ট নির্দেশ অনুযায়ী, গ্র্যাচুইটির টাকা সরাসরি কর্মীদের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে এবং প্রভিডেন্ট ফান্ড বা পিএফ-এর বকেয়া অংশ পিএফ দফতরের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীদের অ্যাকাউন্টে জমা দিতে হবে। 

২০১৯ সালের এপ্রিল মাসে আর্থিক সঙ্কটের জেরে জেট এয়ারওয়েজ়ের উড়ান বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই নিজেদের ন্যায্য পাওনার দাবিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন কর্মীরা। এনসিএলএটি-র এই রায় তাঁদের জীবনে বিরাট স্বস্তি নিয়ে এল।

উল্লেখ্য, ১৯৭২ সালের ‘পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট’ অনুযায়ী, কোনও কর্মী একটানা পাঁচ বছর চাকরি করলে শেষ পাওয়া বেতনের ভিত্তিতে গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য হন। অন্য দিকে, প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কর্মী এবং নিয়োগকর্তা উভয় পক্ষই প্রতি মাসে মূল বেতনের ১২ শতাংশ করে জমা করেন এবং সেই তহবিলের উপর করমুক্ত সুদ পাওয়া যায়। জেট এয়ারওয়েজ় বন্ধ হয়ে যাওয়ার পর দেউলিয়া প্রক্রিয়ার জটিলতায় কর্মীদের এই গ্র্যাচুইটি ও পিএফ-এর বিপুল টাকা দীর্ঘদিন ধরে আটকে ছিল।

আরও পড়ুন : ‘দ্য জ়িং থিং’! ২৬ বছর পর নস্টালজিয়া উসকে বাজারে ফিরছে ‘গোল্ড স্পট’!

প্রসঙ্গত, ১৯৯৩ সালের মে মাসে শিল্পপতি নরেশ গোয়েলের হাত ধরে চারটি লিজ়ে নেওয়া বোয়িং ৭৩৭-৩০০ বিমান নিয়ে বাণিজ্যিক যাত্রা শুরু করেছিল জেট এয়ারওয়েজ়। ১৯৯৫ সালে তফসিলি বিমানসংস্থার মর্যাদা পাওয়ার পর রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান এয়ারলাইন্সের চার দশকের একচেটিয়া আধিপত্য ভেঙে দেশের আকাশপথে অন্যতম শীর্ষ বেসরকারি সংস্থায় পরিণত হয়েছিল তারা। কিন্তু তীব্র আর্থিক সঙ্কট ও ঋণের বোঝায় জর্জরিত হয়ে ২০১৯ সালের এপ্রিলে সংস্থাটির সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যায়।

এর পর ২০২১ সালে সংযুক্ত আরব আমিরশাহির শিল্পপতি মুরারি লাল জালান এবং ব্রিটেনের কালরক ক্যাপিটালের যৌথ উদ্যোগ ‘জালান-কালরক কনসর্টিয়াম’ (জেকেসি) জেট এয়ারওয়েজ়কে পুনরুজ্জীবিত করার নিলামে জয়ী হয়। 

২০২১ সালের জুনে এনসিএলটি এবং পরবর্তীতে এনসিএলএটি সেই পুনরুজ্জীবন পরিকল্পনায় অনুমোদন দিলেও, ঋণদাতাদের পাওনা মেটানো, ব্যাঙ্ক গ্যারান্টি এবং কর্মীদের বকেয়া অর্থ প্রদান নিয়ে তীব্র মতবিরোধের জেরে গোটা প্রক্রিয়াটি থমকে যায়। 

শেষ পর্যন্ত ২০২৪ সালের ৭ নভেম্বর সুপ্রিম কোর্ট সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত ‘বিশেষ ক্ষমতা’ প্রয়োগ করে এনসিএলএটি-র পূর্ববর্তী নির্দেশ খারিজ করে দেয় এবং জালান-কালরক কনসর্টিয়ামের হাতে মালিকানা হস্তান্তরের বদলে জেট এয়ারওয়েজ়ের সম্পত্তি বিক্রি বা লিকুইডেশনের নির্দেশ দেয়।

শীর্ষ আদালতের সেই লিকুইডেশন নির্দেশের পর এ বার এনসিএলএটি-র তরফে দু’সপ্তাহের মধ্যে সুদ-সহ ৪৮০ কোটি টাকার গ্র্যাচুইটি ও পিএফ মেটানোর এই কড়া নির্দেশ কেবল জেট এয়ারওয়েজ়ের কর্মীদেরই নয়, বরং দেশের কর্পোরেট দেউলিয়া মামলার ইতিহাসেও কর্মীদের অধিকার রক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *