•
Home Top-News বাগদান থেকে আইনি বিয়ে, মিমির ভূরিভোজে কী কী পদ? ফাঁস হল মেনু
Top-Newsবিনোদন

বাগদান থেকে আইনি বিয়ে, মিমির ভূরিভোজে কী কী পদ? ফাঁস হল মেনু

Share
মিমি-সিদ্ধার্থের বিয়েতে এলাহি আয়োজন। ছবি: সংগৃহীত
Share

কলকাতা: টলিউডে বিয়ের জল্পনা ছড়ালেও বিয়ে নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি মিমি চক্রবর্তী। বারবার বিয়ের প্রসঙ্গ উঠলেও এড়িয়ে গিয়েছেন অভিনেত্রী। অবশেষে বৃহস্পতিবার, ২৬ নভেম্বর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে সারলেন অভিনেত্রী। একই দিনে বাগদানও সম্পন্ন হল। বিয়ের খবর নিয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও বিয়ের দিনের বিশেষ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই। তবে প্রকাশ্যে আসা ছবিতে নবদম্পতির মুখ আড়ালেই রেখেছেন মিমি। 

দক্ষিণ কলকাতায় আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বসেছিল বিয়ের আসর। এদিন মিমির পরনে ছিল সোনালি রঙের পোশাক। অন্যদিকে, সিদ্ধার্থ পরেছিলেন সাদা পাঞ্জাবি ও পাজামা। আয়োজনেও ছিল বিশেষ চমক। অতিথিদের আপ্যায়নে কোনও খামতি রাখেননি নবদম্পতি। আয়োজনের পাশাপাশি অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল বিয়ের ভূরিভোজ। শুরুতেই ছিল ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ বল এবং ছানার কোফতা। বাঙালি বিয়ে মানেই কচুরি ও রাধাবল্লভী। সঙ্গে ছোলার ডাল, পনির এবং আলুর দম। আর মূল খাবারের তালিকায় ছিল ফ্রায়েড রাইস, কাতলা মাছ, চিকেন ও খাসির মাংস। শেষ পাতে রসগোল্লা, সন্দেশ। আর সব শেষে আইসক্রিম ও পান। 

আরও পড়ুন: আজই বিয়ের পিঁড়িতে মিমি! কীভাবে প্রেমে পড়লেন সিদ্ধার্থের? 

এদিকে, বিয়ের অনুষ্ঠানে আসার আগে মিমির পারিবারিক সম্পর্কের কথাও জানালেন সিদ্ধার্থের বৌদি ত্রমিলা ভট্টাচার্য। তাঁর কথায়, নিজের দেওরের সঙ্গেই বিয়ে হচ্ছে মিমির। তাঁদের পরিবারের অধিকাংশই জাহাজের পেশার সঙ্গে যুক্ত। ত্রমিলার স্বামী জাহাজের ক্যাপ্টেন এবং সিদ্ধার্থ নিজে একজন মেরিন ইঞ্জিনিয়ার। নতুন বউকে নিয়ে ত্রমিলা বলেন, “মিমির সঙ্গে ওকে খুব ভাল মানিয়েছে। মিমিকে অনেক কাছ থেকে চিনেছি। খুব ভাল মেয়ে। ও খুব ভাল কথাও বলতে জানে। ওদের পরিবারের সকলেই খুব ভাল।”  

বিয়ের অনুষ্ঠান সিদ্ধার্থের সঙ্গে কয়েকটি মুহূর্ত ভাগ করে নেন মিমি। বাড়ি ফেরার সময়  পরিবারের সদস্যদের মুখে নববধূর প্রশংসা শোনা যায়। মিমির পিসি ও পিসেমশাইয়ের মুখে আবার নতুন জামাইকে নিয়ে উচ্ছ্বাস। সিদ্ধার্থকে ‘হ্যান্ডসাম’ বলেও সম্বোধন করেন তাঁরা। প্রিয় পোষ্যকে সঙ্গে নিয়ে গাড়িতে ওঠেন মিমি। পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদও জানান অভিনেত্রী। তাঁদের অনুরোধে ক্যামেরার সামনে নিজের বিয়ের আংটিও দেখিয়ে দেন।

আইনি বিয়েই শেষ নয়। সূত্রের খবর, শৈলশহরে বিয়ের আয়োজন বসতে চলেছে। আগামী ২ ডিসেম্বর  উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন মিমি ও সিদ্ধার্থ। ৩ ডিসেম্বর থেকে কালিম্পংয়ে শুরু হবে তাঁদের প্রাক্‌বিবাহ অনুষ্ঠান। আর ৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়বেন দু’জনে। এরপর শহরে ফিরবেন। আগামী ১১ ডিসেম্বর কলকাতায় ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের জন্য রিসেপশনের আয়োজন করা হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই টলিপাড়ার সতীর্থদের কাছে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছতে শুরু করেছে। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *