কাঠমান্ডু: এভারেস্ট বেস ক্যাম্পের জনপ্রিয় ট্রেকিং রুটে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। হিমালয়ের হাড়হিম করা ঠাণ্ডার মধ্যে সিলিন্ডার ফেটে দাউদাউ করে জ্বলে উঠল ‘হোটেল গুড লাক’। নেপালের ডিংবোচে এলাকার বরফঢাকা পাহাড়ের কোলে অবস্থিত দীর্ঘদিনের পরিচিত এই হোটেলটি মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়। শুক্রবারের এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কোনও হতাহতের খবর নেই। সময়মতো সেখান থেকে অতিথি ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, আচমকাই হোটেলে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা দ্রুত হোটেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিক আশঙ্কা, রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও নিশ্চিত নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এভারেস্ট বেস ক্যাম্পের পথে ডিংবোচে বেশ পরিচিত জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে অবস্থিত এই এলাকায় ট্রেকার ও পর্বতারোহীরা বিশ্রাম নেন। দীর্ঘদিন ধরে ‘হোটেল গুড লাক’ পর্যটকদের কাছে পরিচিত আশ্রয়স্থল হয়ে উঠেছিল। ফলে হোটেলটির এভাবে আগুনে ভস্মীভূত হওয়ার ঘটনায় যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে।
তবে আগুন লাগার পর বড়সড় প্রাণহানি ঘটেনি। আশেপাশের লজের কর্মী, স্থানীয় শেরপা ও অন্যান্য পর্বতারোহীদের প্রচেষ্টায় অতিথি ও কর্মীদের সরিয়ে নেওয়ায় বিপদ এড়ানো গিয়েছে। তবে হোটেলটির কতটা ক্ষতি হয়েছে, আগুন লাগার সঠিক কারণ কী এবং নিরাপত্তার ক্ষেত্রে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Leave a comment