কলকাতা: রাজ্যে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের। গত ২৫ বছরে নির্বাচন বা নির্বাচন-পরবর্তী হিংসায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। ইতিমিধ্যেই রাজ্য মন্ত্রিসভায় এই প্রস্তাবে অনুমোদন মিলেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণাও করা হবে।
সূত্রের খবর, সাম্প্রতিক সময়ের ঘটনা ছাড়াও গত আড়াই দশকের রাজনৈতিক হিংসার ঘটনাগুলিকে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ বছরের তৃণমূল জমানার আগে বাম আমলের ১০ বছরও এই প্রকল্পের আওতায় থাকবে। লোকসভা, বিধানসভা এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘিরে হিংসার ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এই সুবিধা কারা পাবেন, তা নির্ধারণের জন্য নির্দিষ্ট যাচাই প্রক্রিয়া চালু করার প্রস্তুতি চলছে। সূত্রের খবর, আবেদন জমা নেওয়ার নিয়ম এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে বিস্তারিতভাবে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। মৃত ব্যক্তির মৃত্যুর কারণ, ঘটনার পরিস্থিতি এবং তার সমর্থনে প্রাসঙ্গিক নথি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনগুলি জমা পড়ার পরে জেলাশাসকের দফতরে নথিপত্র খতিয়ে দেখা হবে।
জানা যাচ্ছে, আবেদন যাচাইয়ের ক্ষেত্রে পুলিশি রিপোর্ট ও প্রশাসনিক তদন্ত গুরুত্ব পাবে। সমস্ত তথ্য খতিয়ে দেখে যোগ্য পরিবারগুলির চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। এরপর নির্বাচিত পরিবারের একজন সদস্যর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে। তবে চাকরির ধরন, যোগ্যতার শর্ত এবং আবেদন জমা দেওয়ার সময়সীমা সম্পর্কে চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ্যে এলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
Leave a comment