কলকাতা: শনিবার সকালে মা ফ্লাইওভারে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। সেই পরিপ্রেক্ষিতে এবার সরব রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল । তোপসিয়ার কাছে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন চার জন। দুর্ঘটনার পর তাঁদের দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ মন্ত্রী। তাঁর দাবি, অভিযুক্ত গাড়িচালকের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করা উচিত।
শনিবার সকালে পার্ক সার্কাসের দিক থেকে একটি গাড়ি আসছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ডিভাইডার টপকে বিপরীত লেনে চলে যায়। সেই সময় উলটো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। দু’টি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের তীব্রতায় দু’টি গাড়িরই এয়ারব্যাগ খুলে যায়। আহত হন চার জন। একজনকে এক জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার পর আসানসোলে নিজের বিধানসভা কেন্দ্রে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর বক্তব্য, ফ্লাইওভারের মতো ব্যস্ত রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালানো অপরাধমূলক। ট্রাফিক আইন ভাঙার পাশাপাশি অন্যের জীবনকেও বিপদের মুখে ঠেলে দেওয়া। তাই এই ঘটনাকে সাধারণ দুর্ঘটনা হিসেবে না দেখে খুনের চেষ্টার মামলা করার দাবি জানিয়েছেন তিনি। অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে গ্রেফতার করার কথাও তিনি পুলিশকে জানিয়েছেন।
বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, “হিন্দি সিনেমা দেখে বাস্তব জীবনে এই ধরনের বেপরোয়া আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ফ্লাইওভারের মতো জায়গায় এ ধরনের স্পিডিং গাড়ি সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, যা কোনোমতেই মেনে নেওয়া যায় না।”
আরও পড়ুন: মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা! মুখোমুখি ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই গাড়ি, আহত ৪!
Leave a comment