গড়বেতা: দিল্লিতে বিরোধীদের রামলীলা ময়দানের হাইপ্রোফাইল মেগা সমাবেশের ঠিক ২৪ ঘণ্টা আগেই লালমাটির গড়বেতা থেকে আক্রমণের ঝাঁঝ কয়েক গুণ বাড়িয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঁটাও’ কর্মসূচির সভা থেকে রাজ্য রাজনীতির দুই চিরাচরিত মেরু, তৃণমূল কংগ্রেস ও সিপিএমকে এক ব্র্যাকেটে দাঁড় করিয়ে তুলোধনা করলেন তিনি। দিল্লির দরবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবির নয়া রাজনৈতিক সমীকরণকে তীব্র কটাক্ষ করে শুভেন্দুর তির্যক বার্তা, ‘‘এখন আন্টি আর বেবির মধ্যে চরম ভাব-ভালবাসা হয়ে গিয়েছে!’’
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রবিবার দিল্লিতে মমতার সঙ্গে বাম নেতাদের মহামিছিল ও মঞ্চ ভাগ করে নেওয়ার আগেই দুই বিরোধী দলের এই সখ্যকে নিশানা করে বঙ্গ রাজনীতিতে নতুন বার্তা সেট করে দিলেন মুখ্যমন্ত্রী।
গড়বেতার জনসভা থেকে চাঁচাছোলা ভাষায় বাম ও তৃণমূলকে সমার্থক বলে দাগিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘যাহাই তৃণমূল, তাহাই সিপিএম। এদের মধ্যে নীতি ও নিয়তের কোনও ফারাক নেই।’’ লাল শাসনের স্মৃতি ও পরবর্তীকালের তৃণমূলী অত্যাচারের কথা উল্লেখ করে গড়বেতার জনগণকে অভিনন্দন জানিয়ে তিনি দাবি করেন, এখানকার মানুষ আজ ‘দ্বিতীয় স্বাধীনতার’ মুক্ত বাতাস উপভোগ করছেন। সাধারণ মানুষ ব্যালট বাক্সে চোর তৃণমূল ও হিংসার রাজনীতির জনক বামেদের একযোগে শূন্যে নামিয়ে এনেছে।
আরও পড়ুন: ২৫ বছরের রাজনৈতিক হিংসা, নিহতদের পরিবারে চাকরি! কী সিদ্ধান্ত নবান্নের?
ফলতা, রেজিনগর এবং নন্দীগ্রাম, তিনটি বিধানসভা উপনির্বাচনেই বিজেপি যেভাবে জিতেছে, ঠিক একইভাবে আসন্ন কলকাতা ও হাওড়ার পুরভোটেও জনতা তৃণমূল এবং সিপিএমকে ধুয়েমুছে সাফ করে দেবে বলে জোরদার হুঙ্কার দেন তিনি।
ভোটে হিংসার প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দেন দুষ্কৃতীদের। লোকসভা ভোটের সময় চিকিৎসক প্রণব টুডুর মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার সমালোচনা করে শুভেন্দু বলেন, সেই মামলার এফআইআরের কপি তিনি নিজে খতিয়ে দেখছেন। আক্রান্ত ও অপরাধীদের তালিকা তৈরি হচ্ছে। তাঁর সাফ কথা, ‘‘যাঁরা এই সব অপকর্ম করে এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের চুলের মুঠি ধরে জেলে পোরা হবে। কাউকে এক ইঞ্চি জমি ছাড়া হবে না।’’
আরও পড়ুন: মমতাকে দেখালেন দিল্লির পথ, অভিষেককে সরাসরি চ্যালেঞ্জ! বারুইপুর থেকে কী বললেন শুভেন্দু? https://hiddenstories.news/2026/10/30/suvendu-adhikari-targets-mamata-abhishek-banerjee-baruipur-rally/
তবে এদিনের সভার সবচেয়ে বড় চমক ছিল বাম জামানার একাধিক অতীত রাজনৈতিক কেলেঙ্কারি ও হিংসার ফাইল পুনরায় খোলার ঘোষণা। বাম আমলের বহুল আলোচিত ও রক্তস্নাত ‘ছোট আঙারিয়া গণহত্যা’র ফাইল রি-ওপেন বা পুনস্তদন্ত করার সরাসরি হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী।
২০০১ সালে তৃণমূল কর্মী বক্তার মণ্ডলের বাড়িতে আগুন লাগিয়ে একাধিক কর্মীকে পুড়িয়ে মারা ও গুম করার অভিযোগ উঠেছিল তৎকালীন শাসকদল সিপিএমের বিরুদ্ধে। সেই স্মৃতি উসকে এবং সিপিএম নেতা মহম্মদ সেলিমকে সরাসরি নিশানা করে মুখ্যমন্ত্রী গর্জে ওঠেন, ‘‘ছোট আঙারিয়া থেকে শুরু করে নন্দীগ্রামের রক্তাক্ত সূর্যোদয়, বাম আমলের সমস্ত রাজনৈতিক হিংসা ও কেসের ফাইল রি-ওপেন করব আমরা।’’
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রবিবার রামলীলা ময়দানে তৃণমূল ও বামেদের যৌথ মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্র বিরোধী সুর চড়ানোর যে পরিকল্পনা রয়েছে, তার আগেই গড়বেতার সভা থেকে ‘ছোট আঙারিয়া’ এবং ‘নন্দীগ্রামের রক্তপাতের’ স্মারক উসকে দিয়ে বিরোধী জোট ‘ইন্ডি’ (INDIA)-র অন্দরের অসংগতিকে জনসমক্ষে কাঠগড়ায় তুলে দাঁড় করালেন রাজ্য প্রশাসক শুভেন্দু অধিকারী। লালমাটির বুক থেকে ছিটকে আসা এই রাজনৈতিক বারুদ যে আসন্ন পুরভোট ও রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে, তা একপ্রকার নিশ্চিত।
Leave a comment