কলকাতা: উৎসবের মরশুমের আবহেই ঢাকে কাঠি পড়ে গেল ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF)। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর এবার পুরোদমে নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে এই মেগা সিনে উৎসব। রবিবার পয়লা নভেম্বর সন্ধ্যায় নন্দনে আয়োজিত একটি বর্ণাঢ্য সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো চলচ্চিত্র উৎসবের একদম নতুন লোগো। গৈরিক বঙ্গের নতুন আবহে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী এই নতুন লোগোর উদ্বোধন করেন। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা এই উৎসব নিয়ে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে পারদ চড়তে শুরু করেছে।
রবিবাসরীয় এই অনুষ্ঠানে টলিউডের দিকপাল ব্যক্তিত্বদের উপস্থিতি সংবাদ সম্মেলনকে কার্যত চাঁদের হাটে পরিণত করেছিল। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্য়ায়, পাপিয়া অধিকারী, মিঠুন চক্রবর্তী, অভিনেতা জিৎ, রুদ্রনীল ঘোষ, সুদেষ্ণা রায় এবং পরিচালক হরনাথ চক্রবর্তীর মতো একাধিক জনপ্রিয় তারকা। জানা গিয়েছে, কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ের শৈল্পিক ভাবনায় এবং নয়া ডিজাইনে তৈরি করা হয়েছে ‘কিফ’-এর এই নতুন লোগোটি। এই বিষয়ে আরও জানানো হয় যে, ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়ালে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ১৬ ডিসেম্বর শুভ সূচনা হবে এবারের উৎসবের। সিনে উৎসবের থিম সং তৈরি করছেন রাতুল বন্দ্যোপাধ্যায় এবং পুরো অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে থাকবেন অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: পর্দাতে কিং দর্শন! মন্নতের বাইরে বিরাট
শুধু লোগো বদলই নয়, এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে চলেছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একঝাঁক মহাতারকা। অতিথিদের তালিকায় রজনীকান্ত থেকে শুরু করে ‘বাহুবলী’ খ্যাত প্রভাস, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, অনুপম খের, জনি লিভার, কঙ্গনা রানাউত, অনুরাগ বসু ও মধুর ভান্ডারকরে মতো প্রথম সারির বলি ও টলি জগতের তারকারা রয়েছেন। এমনকি সম্ভাব্য তালিকায় এক নামী হলিউড অভিনেত্রীর নামও রয়েছে বলে ইঙ্গিত মিলেছে, যদিও চূড়ান্ত সম্মতি না মেলায় এখনই তাঁর নাম প্রকাশ্যে আনা হয়নি।
ছাব্বিশের এই সিনে উৎসবে কোন কোন দেশের সিনেমা প্রদর্শিত হবে এবং আর কী কী বিশেষ চমক থাকছে, তা আগামী দিনে ধীরে ধীরে প্রকাশ করা হবে। তবে রাজনৈতিক পালাবদলের পর লোগো থেকে শুরু করে বিন্যাসে যেভাবে আমূল পরিবর্তন আনা হচ্ছে, তাতে আসন্ন ‘কিফ’ ঘিরে সিনেমা প্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ যে তুঙ্গে উঠেছে, তা বলাই বাহুল্য।
Leave a comment