নৈহাটি: কালীপুজোর ঠিক প্রাক্কালে বড়সড় পরিবর্তনের সাক্ষী থাকল উত্তর চব্বিশ পরগনার ঐতিহাসিক নৈহাটির ‘বড়মা’ মন্দির। বছরের পর বছর ধরে মন্দির চত্বরে খোদাই করা যে চিরপরিচিত বাণীটি অগণিত ভক্তের মুখে মুখে ফিরত, রাজনৈতিক ও সামাজিক আবহ পরিবর্তনের মাঝেই তা বদলে ফেলা হলো। এতদিন মন্দিরের গায়ে বড় বড় অক্ষরে লেখা থাকত—“ধর্ম যার যার, বড়মা সবার”। এবার সেই ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক বার্তার জায়গায় লেখা হলো নতুন বাণী—“বড় মায়ে ভক্তি, সনাতনের শক্তি।” আর বড়মার এই বহুল চর্চিত স্লোগান বদল ঘিরে বর্তমানে রাজ্যজুড়ে তুমুল গুঞ্জন ও বিতর্ক শুরু হয়েছে।
মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, এই সিদ্ধান্ত হঠাৎ বা এককভাবে নেওয়া হয়নি। মন্দির কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্ত এবং একাধিক হিন্দু সংগঠনের দীর্ঘদিনের আর্জি মেনেই এই পদক্ষপে নেওয়া হয়েছে। হিন্দু জাগরণ মঞ্চের নৈহাটি শাখার সদস্য তথা মন্দির কমিটির প্রতিনিধি অর্ণব রায় জানান, “মা যে সবার, সেটা আলাদা করে লিখে জানানোর প্রয়োজন পড়ে না। মসজিদ বা গির্জায় তো এমন বার্তা থাকে না! মূলত সনাতনী চেতনা ও ঐতিহ্যকে জাগ্রত রাখতেই এই পরিবর্তন।” কমিটির অন্যান্য সদস্যরাও দাবি করেছেন, সাধারণ ভক্তদের আবেগ ও সনাতনী ভাবনার ওপর ভিত্তি করেই সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন : উৎসবের মরশুমে রাজ্যের লটারি! দিল্লির দরবার থেকে এক ধাক্কায় বাংলায় এল ৭,৮৬৬ কোটি টাকা
স্লোগান বদল নিয়ে রাজনীতির জলঘোলা শুরু হতেই সরব হয়েছেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। এই ঘটনায় কোনো রাজনৈতিক যোগ থাকার কথা পুরোপুরি উড়িয়ে দিয়ে তাঁর বক্তব্য, নৈহাটিবাসী ও সনাতন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরেই মন্দির চত্বরে নিজেদের ভাবনার বার্তা দেখতে চেয়েছিলেন। সেই জনমতকে সম্মান জানাতেই এই উদ্যোগ, এখানে কোনো রাজনৈতিক তোষণের বিষয় নেই।
তবে বড়মার নতুন বাণী প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে দেখা গিয়েছে দ্বিধাবিভক্ত প্রতিক্রিয়া। পুজো দিতে আসা এক মহিলা ভক্ত অত্যন্ত আনন্দের সাথে জানান, সনাতনের শক্তি কতটা তা আলাদা কথা, কিন্তু এখন মন্দিরের সুষ্ঠু ব্যবস্থাপনায় মন ভরে পুজো দেওয়া যাচ্ছে। অন্যদিকে, পুরোনো দিনের নস্টালজিক ভক্তদের একাংশের মতে, বড়মার নামটাই যেখানে সার্বজনীন, সেখানে “বড়মা সবার”—এই পুরোনো পঙ্ক্তিটিই মায়ের মহিমার সঙ্গে সবচেয়ে বেশি মানানসই ছিল। সব মিলিয়ে, উৎসবের মরশুমে নৈহাটির বড়মা মন্দিরের নতুন স্লোগান এখন রাজ্য রাজনীতির অন্যতম হট টপিক।
Leave a comment