মুম্বই: গত ২৩ অক্টোবর অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’য় গ্রেনেড হামলার হুমকি পাওয়ার ঠিক ১৪ দিনের মাথায় ফের এক মারাত্মক বোমাতঙ্কের ঘটনা ঘটল বাণিজ্য নগরীতে। মহাতারকা অমিতাভ বচ্চনের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া ইমেল ঘিরে এবার চূড়ান্ত শোরগোল পড়ে গেল মুম্বইজুড়ে। বম্বে হাইকোর্টে আসা ওই হুমকিমূলক ইমেলে শুধু বচ্চন পরিবারের আবাসনই নয়, বোম্বে হাইকোর্ট, বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ওরলি রেসকোর্সের মতো অত্যন্ত হাই-প্রোফাইল স্থানগুলিকেও নিশানা করা হয়েছে। খবর পাওয়া মাত্রই গোটা শহরে কড়া হাই অ্যালার্ট জারি করেছে মুম্বই পুলিশ।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে তৎক্ষণাৎ স্বরাষ্ট্র দপ্তর ও মুম্বই পুলিশের শীর্ষ আধিকারিকেরা যৌথ তদন্তে নেমে পড়েছেন। খবর পাওয়া মাত্রই শহরের চারটি নির্দিষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ নিয়ে জোরদার তল্লাশি অভিযান শুরু করা হয়। যদিও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও জায়গা থেকেই সন্দেহজনক বা বিপজ্জনক কিছু উদ্ধার হয়নি। তবে কে বা কারা এই মারাত্মক ইমেলটি পাঠাল, আইপি অ্যাড্রেস ধরে সেই সাইবার অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
আরও পড়ুন : দিওয়ালি পার্টিতে অভিষেক-ঐশ্বর্যার কেমিস্ট্রিতে তোলপাড় বলিপাড়া
এর আগে গত ২ নভেম্বর মহারাষ্ট্রের একাধিক জেলা ও সেশন আদালতেও একই ধাঁচের বোমা বিস্ফোরণের হুমকিমূলক ইমেল পৌঁছায়। প্রতিবারই তন্ন তন্ন করে তল্লাশি চালানো হলেও শেষ পর্যন্ত তল্লাশি খালি হাতেই শেষ হয়েছে। তবে বচ্চন পরিবারের নিরাপত্তায় কোনো রকম ফাঁক রাখতে নারাজ প্রশাসন। জলসার নিরাপত্তার বলয় আরও কয়েক গুণ বাড়িয়ে তুলে বুলেটপ্রুফ পরিকাঠামো তৈরি করা হয়েছে।
এদিকে, এত বড় হুমকির মুখোমুখি হয়েও ভক্তদের জন্য নিজের সাপ্তাহিক দেখা করার রীতি ভাঙেননি ৮৪ বছর বয়সি শাহেনশাহ। প্রতি রবিবারের মতোই জলসার বাইরে উপচে পড়া ভিড়ের মাঝে ধরা দেন তিনি। তবে নিরাপত্তার স্বার্থে এবার দেখা মেলে সম্পূর্ণ আলাদা এক ছবিতে। উন্মুক্ত প্রাঙ্গণে আসার বদলে একটি স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের বাক্সের ভিতর থেকেই হাত নেড়ে অনুরাগীদের অভিবাদন জানান অমিতাভ। পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চনও। বচ্চন পরিবারের নিরাপত্তা বর্তমানে নিশ্ছিদ্র করা হয়েছে।
Leave a comment