নয়াদিল্লি: আলোর উৎসবের রাত মুহূর্তেই বদলে গেল এক বুকভাঙ্গা কান্নার রোল ও মর্মান্তিক ট্র্যাজেডিতে। দীপাবলির রাতে শব্দ ও আতশবাজির মারাত্মক তাণ্ডবে প্রাণ গেল মাত্র দশ বছরের এক শিশুর। রাজধানীর নারেলা এলাকায় পরিবার ও প্রিয়জনদের সঙ্গে হাসিমুখে বাজি ফোটার আনন্দ মুহূর্তের মধ্যে কেড়ে নিল তরতাজা একটি প্রাণ। অন্য কারও জ্বালানো একটি লক্ষ্যভ্রষ্ট রকেটবাজি সরাসরি এসে আঘাত হানে ওই বালকের বুকে এবং মুহূর্তের মধ্যে ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। এই নৃশংস দুর্ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোক ও আতঙ্কের ছায়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপাবলির রাতে নারেলা এলাকার বাসিন্দা ঋষি নামের দশ বছরের ওই বালক নিজের পরিবারের লোকজনের সঙ্গেই রাস্তায় বাজি পোড়ানোর আনন্দে মেতেছিল। সে অন্য একটি ছোট বাজি জ্বালাতে ব্যস্ত ছিল, ঠিক সেই সময়ই আশপাশের অন্য কারও জ্বালানো একটি রকেটবাজি আকাশে সোজা উড়ে যাওয়ার পরিবর্তে তীব্র গতিপথ বদল করে সোজা এসে আছড়ে পড়ে ঋষির বুকের ওপর। কিছু বুঝে ওঠার আগেই তাতে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। আচমকা এই মারাত্মক আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শিশুটি।
আরও পড়ুন: তিন হাজার পেরোল দিল্লির দূষণ!
পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কিত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে নারেলার সত্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা ঋষিকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে চিকিৎসকদের বিরুদ্ধে চরম উদাসীনতা ও গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত বালকের দাদা মোহিত। তাঁর অভিযোগ, মুমূর্ষু অবস্থায় একটি শিশুকে হাসপাতালে নিয়ে আসা সত্ত্বেও চিকিৎসকদের মধ্যে বিন্দুমাত্র তৎপরতা দেখা যায়নি। তাঁরা অত্যন্ত ধীরেসুস্থে এগিয়ে এসে কেবল দুই-একবার বুকে চাপ দিয়েই নিজেদের দায়িত্ব শেষ করেন। সন্তানের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ঋষির বাবাও। পরিবারের দাবি, চিকিৎসকরা যদি সময়মতো তৎপর হয়ে চিকিৎসা শুরু করতেন, তবে হয়তো শিশুটিকে বাঁচানো সম্ভব হতো।
অন্যদিকে, দীপাবলির এই উৎসবের রাতে আগুন ও দুর্ঘটনার জেরে গোটা দিল্লি জুড়েই ছিল চরম ত্রাসের পরিবেশ। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুধুমাত্র দীপাবলির দিন শহরে মোট ২৫৭টি জরুরি ফোন কল এসেছে। যার মধ্যে ২১৪টিই ছিল বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা সংক্রান্ত। এর মধ্যে ২৪টি ভয়াবহ আগুন লাগার ঘটনা সরাসরি আতশবাজির কারণে ঘটেছে। এদিন রাত আটটা থেকে দশটার মধ্যে সবথেকে বেশি, অর্থাৎ ৮৫টি জরুরি কল পেয়েছিল দমকল বিভাগ। এছাড়া রাত দশটা থেকে মধ্যরাতের মধ্যে আরও ৬১টি কলের মাধ্যমে বিপদের খবর পৌঁছায় কন্ট্রোল রুমে। যত্রতত্র বেপরোয়া বাজি ফোটানোর ফল যে কতটা মারাত্মক হতে পারে, নারেলায় ১০ বছরের শিশুর এই অনভিপ্রেত মৃত্যু সেই ছবিটাই ফের আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
Leave a comment