কলকাতা: টালা ট্যাঙ্কের ৭২ ইঞ্চির বিশালাকার পাইপ ফেটে যাওয়ার ঘটনায় এখনও বিপর্যস্ত উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা। গত সোমবার সকালে এই বিপর্যয় ঘটার পর থেকেই জল-যন্ত্রণায় হাবুডুবু খাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাঘাট থেকে শুরু করে অলিগলি এবং একাধিক ওয়ার্ড জলের তলায় চলে যাওয়ায় জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। শুধু পানীয় জল সংকটই নয়, নিরাপত্তার কারণে টালা সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং কলকাতা স্টেশনের চারপাশ জলমগ্ন থাকায় ব্যাহত হয়েছে চক্ররেল পরিষেবাও। একাধিক লোকাল ট্রেন বাতিল ও ঘুরপথে চালানোর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা।
পরিস্থিতি সামাল দিতে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবার নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে মেরামতির কাজ। পুরসভা সূত্রে জানা গেছে, যে প্রধান ৭২ ইঞ্চির পাইপলাইনটিতে ফাটল ধরেছে, প্রথমে সেই লাইনটিকে সম্পূর্ণ বন্ধ করার কাজ চলছে। এরপর বিকল্প ব্যবস্থা হিসেবে টালা ব্রিজের নিচে ১২ ইঞ্চির একটি ছোট সাপ্লাই লাইনের মাধ্যমে বাইপাস করে জল সরবরাহ সচল রাখার চেষ্টা চালাচ্ছেন পুরকর্মীরা। এই বিকল্প ব্যবস্থার মাধ্যমেই উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে পুরোপুরি জলহীন হয়ে না পড়তে হয় শহরবাসীকে।
আরও পড়ুন: কালীঘাট-কাণ্ডের তদন্তে লালবাজার, ধৃতদের নিয়ে পুনর্নির্মাণ
পলতা থেকে ৬টি পাইপলাইনের মাধ্যমে জল এসে জমা হয় টালা ট্যাঙ্কের এই বিশাল জলাধারে, যার প্রতিদিন প্রায় ৯ মিলিয়ন গ্যালন জল ধারণ করার ক্ষমতা রয়েছে। সেই প্রধান পাইপলাইনগুলির একটি এহেন বেহাল দশায় পড়ায় চরম আতঙ্কে রয়েছেন মানুষ। এদিকে সোমবারই ঘটনাস্থল পরিদর্শনে যান পুর কমিশনার স্মিতা পাণ্ডে। রেলের জায়গার আওতায় পাইপলাইন থাকায় রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যৌথভাবে এই জটিল পরিস্থিতি সমাধানের কাজ চলছে। যদিও পুরোপুরি স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে বলেই জানিয়েছে প্রশাসন।
Leave a comment